২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বিমানের মাসকাটগামী ফ্লাইট বাতিলে ৭ জনের বিরুদ্ধে ‘ব্যবস্থা’

চট্টগ্রাম থেকে মাসকাটগামী ফ্লাইট ‘দরজায় ত্রুটির কারণে’ বাতিলের ঘটনায় দুই পাইলটকে ‘গ্রাউন্ডেড’ করাসহ আরও পাঁচ বিমান কর্মীকে সাময়িক বরখাস্ত করা হয়েছে বলে এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 07:18 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

সোমবার দুপুরে বাংলাদেশ বিমানের জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপকের বরাত দিয়ে গণমাধ্যমে ওই বিজ্ঞপ্তি পাঠানো হলেও ওই সাতজন ও বিজ্ঞপ্তি প্রদানকারীর নাম উল্লেখ করা হয়নি।

পরে যোগাযোগ করা হলে জনসংযোগ বিভাগের সহকারী ব্যবস্থাপক তাসমিন আক্তার মোবাইল ফোনের কল কেটে দেন।

বিজ্ঞপ্তিতে বলা হয়, “বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের মাসকাটগামী একটি উড়োজাহাজ (বিজি-১২৩) গত ১৪ মে সকালে চট্টগ্রাম শাহ্ আমানত আন্তর্জাতিক বিমান বন্দর হতে যাত্রার প্রাক্কালে পুশকার্ট এর ধাক্কাজনিত কারণে যাত্রা বিলম্বিত হয়। পরে দুপুরে যাত্রীদের আরেকটি ফ্লাইটে গন্তব্যে নিয়ে যাওয়া হয়।

“উড্ডয়নের সময় উড়োজাহাজের দরজা ক্ষতিগ্রস্ত হওয়ার কারণ তদন্তের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। একই সঙ্গে উক্ত দুর্ঘটনার জেরে  দুজন পাইলটসহ মোট সাতজন বিমান কর্মীর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়েছে।”

গ্রাউন্ডেড তথা উড্ডয়ন থেকে বিরত রাখা দুই পাইলটের মধ্যে একজন ক্যাপ্টেন ও একজন ফার্স্ট অফিসার রয়েছেন।

আর সাময়িক বরখাস্ত পাঁচ বিমান কর্মীর মধ্যে একজন চিফ পার্সার, একজন ফ্লাইট স্টুয়ার্ডডেস, একজন ফ্লাইট স্টুয়ার্ড, একজন জুনিয়র টেকনেশিয়ান এবং একজন সিনিয়র অপারেটর (পুশকার্ট, জিএসই) রয়েছেন বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।

তদন্ত রিপোর্ট পাওয়ার পরে কর্তৃপক্ষ তাদের বিরুদ্ধে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করবে বলেও বিজ্ঞপ্তিতে দাবি করা হয়।

চট্টগ্রামে বিমানের দরজা বন্ধ না হওয়ার ঘটনায় পাইলটসহ চারজনকে বরখাস্ত করা হয় বলে এর আগে রোববার বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানিয়ছিলেন।

তবে রোববারও তাদের নাম জানাতে পারেননি জনসংযোগ কর্মকর্তা মাহবুবুর রহমান তুহিন। এ বিষয়ে জানতে রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠান বিমানে যোগাযোগ করা হলে তাদের কারও কাছে স্পষ্ট কোনো জবাব পাওয়া যায়নি।

অবশেষে সোমবার এ ঘটনায় বিমান কর্মীদের কারও নাম ছাড়াই ব্যবস্থা নেওয়ার কথা জানিয়ে এই সংবাদ বিজ্ঞপ্তিতে দেওয়া হলো।