২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পাওনার দাবিতে ডিউ ফ্যাশন্স শ্রমিকদের কলকারখানা অধিদপ্তর ঘেরাও

আইনানুগ পাওনা পরিশোধ এবং কারখানা খুলে দেওয়ার দাবিতে কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর (ডিআইএফই) ঘেরাও করেছেন গাজীপুরের ডিউ ফ্যাশন্স লিমিটেডের শ্রমিকরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 16 May 2016, 05:11 PM

Updated : 12 Apr 2022, 02:04 AM

গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের আহ্বানে ওই কর্মসূচিতে কারখানার গ্রেপ্তার হওয়া শ্রমিকনেতা লাকী আক্তার তানিয়ার মুক্তির দাবিও জানান তারা।

সোমবার সকাল সাড়ে ১১টার দিকে বিক্ষোভ মিছিল নিয়ে কারওয়ান বাজারে কলকারখানা অধিদপ্তরের সামনে জড়ো শ্রমিকরা।

সেখানে বিক্ষোভ প্রদর্শনের মধ্যে বেলা সোয়া ১২টার দিকে অধিদপ্তরের কর্তাব্যক্তিদের সঙ্গে শ্রমিকদের একটি প্রতিনিধি দল আলোচনায় বসে। সে সময়ও বাইরে বিক্ষোভ সমাবেশ চলছিল।

সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কার‌্যকরী সভাপতি সাদিকুর রহমান শামীম জানান, কলকারখানা অধিদপ্তর ঘেরাও কর্মসূচি ঘোষণার মধ্যে রোববার রাতে গ্রেপ্তার করা হয় শ্রমিকদের নির্বাচিত নেত্রী তানিয়াকে। পাওনা আদায়ের দাবির সঙ্গে তার মুক্তির দাবিও যুক্ত করেছেন তারা।

“কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তর ও কারখানা মালিকরা এসে শ্রমিকদের পাওনা পরিশোধের প্রতিশ্রুতি এবং তানিয়ার মুক্তি না হওয়া পর‌্যন্ত অবস্থান চলবে।”

তিনি বলেন, শ্রমবিধি ও শ্রম আইনের তোয়াক্কা না করে ডিউ ফ্যাশন্স বন্ধ করে দেওয়া হয়। কারখানা বন্ধ করে দিয়ে শ্রমিকদের আইনত পাওনা পরিশোধের কোনো বক্তব্য মালিকপক্ষের নাই। তার বিপরীতে শ্রমিক নেত্রী তানিয়াকে গ্রেপ্তার করা হয়েছে।

কর্মসূচিতে অংশ নেওয়া শ্রমিক শাফিন আহমেদ বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, গত মাসের মাঝামাঝি সময়ে কারখানা স্থানান্তরের নোটিস দেয় মালিক। কিন্তু এই মাসের শুরু থেকে কারখানা বন্ধের একটা প্রক্রিয়া তারা শুরু করে। মাসের প্রথম সপ্তাহে শ্রমিকদের পাওনা পরিশোধের কথা থাকলেও শ্রমিক নেতাদের দাবির প্রেক্ষিতে ১২ তারিখে বেতন দিতে বাধ্য হয়।

“কিন্তু ১৪ তারিখে হঠাৎ কারখানা বন্ধ করে দেওয়া হয়। আইন অনুযায়ী এভাব কারখানা বন্ধ করতে পারে না। বন্ধ করতে হলে শ্রমিকদের আইনানুগ পাওনা পরিশোধ করতে হবে।”

পাওনার মধ্যে নোটিস সময়কালীন চার মাসের মূল বেতন, অর্জিত ছুটির অর্থ, ঈদ বোনাস এবং মাতৃত্বকালীন ছুটির ভাতা প্রভৃতি রয়েছে বলে জানান তিনি।

সমাবেশে ট্রেড ইউনিয়ন কেন্দ্রের সাধারণ সম্পাদক কাজী রুহুল আমিন বলেন, “আমরা কলকারখানা অধিদপ্তরের মহাপরিচালকের অবর্তমানে অতিরিক্ত মহাপরিচালক শামসুজ্জোহা ভূইয়া, গাজীপুর পুলিশ সুপার ও ইন্ডাস্ট্রিয়াল পুলিশের মাধ্যমে শ্রমিকদের পাওনা পারিশোধের কথা বলেছি। তারা শোনেনি।

“অবস্থানের মধ্যে পাওনা পরিশোধের ঘোষণা এবং তানিয়াকে মুক্তির ঘোষণা না আসলে আমরা সব গার্মেন্টস শ্রমিকদের নিয়ে নতুন কর্মসূচি ঘোষণা করব। ৩০০ শ্রমিকের পাওনা নিয়ে কোনো টালবাহানা মেনে নেব না।”

এ সময় অন্যদের মধ্যে যুগ্ম সাধারণ সম্পাদক জলি তালুকদার, কেন্দ্রীয় নেতা বাবুল হোসেন, ইকবাল হোসেন, জালাল হাওলাদার, এম এ শাহীন, মোহাম্মদ শাহজাহান বক্তব্য দেন।