নয়া পল্টনেই জানাজা হল শ্রমিক দল নেতা বাবুলের
যেখানে সংঘর্ষে আহত হয়ে মারা গিয়েছিলেন শ্রমিক দল নেতা বাবুল সরদার, সেই নয়া পল্টনেই জানাজা হয়েছে তার।
সোমবার দুপুরের পর নয়া পল্টনে বিএনপির কেন্দ্রীয় কার্যালয়ের সামনে বাবুলের জানাজায় দলের জ্যেষ্ঠ নেতারাও অংশ নেন। তার কফিনে ফুল দিয়েও শ্রদ্ধা জানানো হয়।
রোববার বিকালে কেন্দ্রীয় কার্যালয়ের কাছেই ঢাকা মহানগর বিএনপি কার্যালয়ের সামনে শ্রমিক দলের বিবাদমান দুই পক্ষের সংঘর্ষে আহত হয়ে হাসপাতালে মারা যান বাবুল।
তিনি ঢাকা মহানগর (দক্ষিণ) শ্রমিক দলের সাংগঠনিক সম্পাদক ও ধানমণ্ডি থানা কমিটির সভাপতি ছিলেন। তার বাড়ি বরিশালের গৌরনদীর তিনঘোলাকাঠি গ্রামে।
বাবুলের জানাজায় অংশ নেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী, জ্যেষ্ঠ নেতা আবদুস সালাম, যুগ্ম মহাসচিব সৈয়দ মোয়াজ্জেম হোসেন আলাল, খায়রুল কবির খোকন, শ্রমিক দলের সভাপতি আনোয়ার হোসাইন।
জানাজার পর অ্যাম্বুলেন্সে করে লাশ নিয়ে বরিশালের পথে রওনা হন পরিবারের সদস্যরা। তাকে তিনঘোলাকাঠি গ্রামে পারিবারিক কবরস্থানে দাফন করা হবে।
রোববার বিকালে বিএনপির ঢাকা মহানগর কার্যালয়ে শ্রমিক দলের আয়োজনে সাদেক হোসেন খোকার আরোগ্য কামনায় মিলাদ মাহফিল ছিল। তারপরই সংঘর্ষ বাঁধে শ্রমিক দলের দুই পক্ষের।
প্রত্যক্ষদর্শীরা জানায়, ধানমণ্ডি থানা কমিটি গঠন নিয়ে বিরোধ থেকে এই সংঘর্ষ বাঁধে। তখন ছাত্রদলের একটি অংশ এর এক পক্ষ নিয়ে বাবুলদেরন উপর হামলা চালায়।
