প্রধানমন্ত্রীর সঙ্গে সুইডেনের আইনমন্ত্রীর সাক্ষাৎ
প্রধানমন্ত্রীর সঙ্গে সৌজন্য সাক্ষাত করেছেন সুইডেনের সফররত আইন ও অভিবাসন মন্ত্রী মর্গান জোহানসন ।
সুইডিশ মন্ত্রী মঙ্গলবার বিকালে প্রধানমন্ত্রীর সঙ্গে গণভবনে সাক্ষাত করেন।
এসময় মর্গান জোহানসন তার প্রধানমন্ত্রী স্টেফান লোফোনের একটি আমন্ত্রণপত্র শেখ হাসিনার হাতে তুলে দেন।
মর্গান জোহানসনের মাধ্যমে সুইডিশ প্রধানমন্ত্রীকে শুভেচ্ছাও জানান শেখ হাসিনা।
চলতি বছরের ডিসেম্বরে ঢাকায় ‘গ্লোবাল ফোরাম ফর মাইগ্রেশন অ্যান্ড ডেভেলপমেন্ট’ শীর্ষক একটি সম্মেলন অনুষ্ঠিত হবে। এই সম্মেলনে সুইডেনের আইন ও অভিবাসন মন্ত্রীকেও আমন্ত্রণ জানান বাংলাদেশের প্রধানমন্ত্রী।
এই সাক্ষাত প্রসঙ্গে পরে প্রধানমন্ত্রীর প্রেস সচিব ইহসানুল করিম সাংবাদিকদের জানান।
বৈঠকে দুই দেশের মধ্যে বিনিয়োগ ও বাণিজ্য বৃদ্ধির ওপর গুরুত্বারোপ করা হয়েছে বলে জানান ইহসানুল করিম।
বাংলাদেশের জাহাজ নির্মাণ এবং তৈরি পোশাক শিল্পে আরও সুইডিশ সহায়তার বিষয়ে আশা প্রকাশ করেন শেখ হাসিনা।
বাংলাদেশের পোশাক শিল্পে সুইডেনের সহায়তা অব্যাহত রাখার জন্যও মর্গান জোহানসনকে ধন্যবাদ জানান শেখ হাসিনা।
পায়রা সমুদ্রবন্দর চালু হলে বাংলাদেশের সঙ্গে উত্তর-পূর্বাঞ্চল, নেপাল ও ভুঠানের সঙ্গে অর্থনৈতিক কর্মকাণ্ড বৃদ্ধি পাবে বলেও শেখ হাসিনা আশাপ্রকাশ করেন।
বিসিআইএম (বাংলাদেশ, চীন, ভারত ও মিয়ানমার) করিডোর চালু হলে এই অঞ্চলে বাণিজ্য আরও বাড়বে বলেও মন্তব্য করেন শেখ হাসিনা।
দুই দেশের ‘বন্ধুত্বপূর্ণ’ সম্পর্কের কথা উল্লেখ করে মর্গান জোহানসন বাংলাদেশের অর্থনৈতিক, সামাজিক ও স্বাস্থ্য খাতের উন্নয়নের প্রশংসা করেন বলে জানান ইহসানুল করিম।
সুইডেন, নরওয়ে এবং ডেনমার্কের যৌথ গবেষণায় বাংলাদেশে বিদেশি বিনিয়োগের যথেষ্ট ভালো পরিবেশ থাকার বিষয়টি উঠে এসেছে বলেও শেখ হাসিনাকে জানান মর্গান জোহানসন।
পররাষ্ট্র সচিব শহীদুল হক, প্রধানমন্ত্রী কার্যালয়ের সচিব সুরাইয়া বেগম ও সুইডেনে বাংলাদেশের রাষ্ট্রদূত মো. গোলাম সারোয়ার এবং মর্গান জোহানসনের রাজনৈতিক উপদেষ্টা নাতাশা মিরোসাভিচ, প্রেস সচিব জোনাতান হোল্ট, সুইডেনের সপ্তম জিএফএমডির অফিস-ইন-চেয়ার ইভা আকেরম্যান বোরে ও বাংলাদেশে সুইডেনের রাষ্ট্রদূত জোহান ফ্রিসেল এসময় উপস্থিত ছিলেন ।
