২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘ছাদ থেকে পড়ে’ ডিআইজির স্ত্রীর মৃত্যু

অপঘাতে মৃত্যু হয়েছে পুলিশের উপ মহাপরিদর্শক (ডিআইজি) মল্লিক ফখরুল ইসলামের স্ত্রীর।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 08 May 2016, 10:42 PM

Updated : 12 Apr 2022, 02:00 AM

রোববার রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকায় বাড়ির ছাদ থেকে পড়ে জেসমিন আহমেদের (৪৫) মৃত্যু হয়েছে বলে পুলিশ জানিয়েছে। 

ভাটারা থানার ওসি মো. নুরুল মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “বিকালে ছয়তলার ছাদ থেকে পড়ে গুরুতর আহত হন জেসমিন আহমেদ। তাকে এ্যাপোলো হাসাপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।”

এ্যাপোলো হাসপাতালের কর্মকর্তা মফিদুল ইসলাম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, স্বজনরাই জেসমিনকে হাসপাতালে নিয়ে এসেছিল।

ওই ভবনের তৃতীয় তলায় সপরিবারে থাকেন হাইওয়ে পুলিশের ডিআইজি মল্লিক ফখরুল।

ওসি মুত্তাকিন বলেন, ঘটনার সময় জেসমিনের সন্তানরা বাসায় ছিলেন। তবে ডিআইজি ছিলেন উত্তরায়।

সহকর্মীর স্ত্রীর মৃত্যুর খবর পেয়ে রাতে পুলিশের মহাপরিদর্শক একেএম শহীদুল হকসহ উর্ধ্বতন কর্মকর্তারা হাসপাতালে ছুটে যান।