শিশুদের অপরাধ প্রবণতা বাড়ছে: ডিএমপি কমিশনার
নানা কারণে শিশুরা ক্রমেই নিজেদের অপরাধে জড়িয়ে ফেলছে বলে মন্তব্য করেছেন মহানগর পুলিশ কমিশনার মো. আছাদুজ্জামান মিয়া।
শনিবার সিরডাপ মিলনায়তনে ‘অপরাজেয় বাংলাদেশ’ নামে একটি বেসরকারি সংস্থার আয়োজনে এক কর্মশালায় তিনি এই কথা বলেন।
আছাদুজ্জামান মিয়া বলেন, “শিশু আইনের সংজ্ঞা অনুযায়ী যারা শিশু তারা বড় ধরনের ক্রিমিনাল অফেন্সে জড়িয়ে যাচ্ছে। ঐশীর কথা আমরা জানি। আমি পুলিশ কমিশনার সারাদিন এটা ডিল করি। আমি শতটা উদাহরণ এখানে দিতে পারব যারা শিশু তারা বিভিন্ন অপরাধে জড়িয়ে যাচ্ছে।”
“এটার কারণ আকাশ সংস্কৃতি, মাদকের ভয়াবহতা, নানা ধরনের কালচার এবং আমাদের সামাজিক ধর্মীয় অনুশাসনটা শিথিল হয়ে যাওয়া। আর এ কারণেই এ ধরনের নতুন সমস্যা ফেইস করতে হচ্ছে।”
এ অবস্থা থেকে উত্তরণে শিশুদের কাউন্সেলিং প্রয়োজন বলেও মনে করেন তিনি।
বক্তব্যের শুরুতে মহানগর পুলিশ কমিশনার বলেন, “শিশু আইন, শিশু সুরক্ষা ও নারী সুরক্ষার ব্যাপারে বাংলাদেশ পুলিশ দীর্ঘদিন ধরে কাজ করছে। ব্যক্তিগতভাবে মনে করি সরকারের আইন রয়েছে, বিভিন্ন সংস্থা রয়েছে, এনজিও রয়েছে, ইমপরটেন্ট যে জিনিসটা এদের সুসমন্বয় দরকার এবং এটির আন্তরিক প্রয়োগ দরকার। তাহলে অবস্থার উন্নতি হবে।”
শিশু অধিকার নিশ্চিতে সবাইকে আন্তরিকতার সঙ্গে কাজ করারও আহ্বান জানান তিনি।
এ সপ্তাহে মহানগরের প্রত্যেক থানার ওসিদের নিয়ে একটি কর্মশালার আয়োজনের কথাও জানান মো.আছাদুজ্জামান মিয়া।
“মহিলা সমিতির আয়োজনে এই সপ্তাহে সমস্ত ওসিদের নিয়ে একটি ওয়ার্কশপের আয়োজন করেছি।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন অপরাজেয় বাংলাদেশের উপদেষ্টা এম এনামুল হক, নির্বাহী পরিচালক ওয়াহিদা বানু প্রমুখ।
