২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নিম্নমানের বই ছাপানোয় ২১ প্রতিষ্ঠান চিহ্নিত: প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী

প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরে নিম্নমানের পাঠ্যবই ছাপানোর জন্য দেশি-বিদেশি ২১টি প্রতিষ্ঠানকে চিহ্নিত করা হয়েছে বলে জাতীয় সংসদে জানিয়েছেন প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মোস্তাফিজুর রহমান।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 May 2016, 09:25 PM

Updated : 20 Aug 2022, 12:38 PM

তবে প্রতিষ্ঠানগুলোর নাম জানাননি তিনি।

বৃহস্পতিবার জাতীয় সংসদে আওয়ামী লীগের রহমত আলীর প্রশ্নে মন্ত্রী মোস্তাফিজুর বলেন, ২০১৫ শিক্ষাবর্ষে প্রাক-প্রাথমিক ও প্রাথমিক স্তরের বিনামূল্যের পাঠ্যপুস্তকে নিম্নমানের কাগজ, মানসম্মত ছাপা না হওয়ার কারণে জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের তিন সদস্যবিশিষ্ট কমিটি ৭৮ লাখ ৮০ হাজার টাকার আর্থিক ক্ষয়ক্ষতি নির্ধারণ করে ২১টি দেশি-বিদেশি প্রতিষ্ঠানকে চিহ্নিত করছে।

এস এম মোস্তফা রশিদীর প্রশ্নের জবাবে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ বলেন, দারুল ইহসান উত্তরা বিএনএস সেন্টার ক্যাম্পাস বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন কর্তৃক অনুমোদিত নয়। ওই ক্যাম্পাসটি উচ্ছেদ করার জন্য জেলা প্রশাসককে অনুরোধ জানানো হয়েছে। বিটিআরসির মাধ্যমে তাদের ওয়েবসাইট বন্ধ করা হয়েছে।

মঞ্জুরি কমিশন থেকে অবৈধ ক্যাম্পাসে শিক্ষার্থীদের ভর্তি না হওয়ার জন্য বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে। অননুমোদিত বিশ্ববিদ্যালয় থেকে সনদ পাওয়া শিক্ষার্থীদের সনদ বৈধ বলে বিবেচিত হবে না। 

এস এম আবুল কালাম আজাদের প্রশ্নে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রী মোশাররফ হোসেন বলেন, রাজউক ঢাকার কেরানীগঞ্জে ২ হাজার ২৯০ একর জমিতে একটি আবাসিক প্রকল্প তৈরির উদ্যোগ নিয়েছে। প্রকল্পের আওতায় বর্তমান সংসদের যেসব সাংসদের ঢাকায় প্লট বা ফ্ল্যাট নেই, তাদের জন্য প্লট বা ফ্ল্যাট বরাদ্দ করা হবে।

জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নে মন্ত্রী বলেন, ঢাকা শহরের ২০টি পরিত্যক্ত বাড়িতে এক হাজার বর্গফুট আয়তনের ১৪টি, এক হাজার ২৫০ বর্গফুট আয়তনের ২১৯টি, এক হাজার ৫০০ বর্গফুট আয়তনের ১৪৭টি এবং এক হাজার ৮০০ বর্গফুট আয়তনের ১৮টি (মোট ৩৯৮) ফ্ল্যাট নির্মাণ প্রকল্প অনুমোদনের জন্য প্রক্রিয়াধীন আছে। সরকারি কর্মচারীদের জন্য এসব ফ্ল্যাট তৈরি করা হচ্ছে।

গোলাম মোস্তফা বিশ্বাসের প্রশ্নে সমাজকল্যাণ প্রতিমন্ত্রী প্রমোদ মানকিন বলেন, সমাজসেবা অধিদপ্তরের জরিপ অনুযায়ী দেশে প্রতিবন্ধী ব্যক্তির সংখ্যা ১৪ লাখ ৮২ হাজার। এর মধ্যে ৪২ হাজার ৪৯২ জন অটিস্টিক (২ শতাংশ)।