ঢাকায় পোশাক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু
ঢাকার উত্তরায় একটি পোশাক কারখানার এক কর্মকর্তার রহস্যজনক মৃত্যু হয়েছে।
নিহত কাজী আতিক (২৮) উত্তরা ১১ নম্বর সেক্টরে অনন্ত গ্রুপের একটি পোশাক কারখানায় কাজ করতেন। তার বাড়ি টাঙ্গাইলে। পরিবার নিয়ে থাকতেন ক্যান্টনমেন্টের মাটিকাটায়।
আতিকের স্ত্রী ও স্বজনরা বুধবার রাত ১১টার দিকে অচেতন অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন বলে মেডিকেল ফাঁড়ির পরিদর্শক মোজাম্মেল হক জানান।
পরে রাত দেড়টার দিকে চিকিৎসাধীন অবস্থায় মারা যান তিনি।
আতিকের মাথায় একটি জখমের কথা জানালেও তা কী থেকে সে বিষয়ে স্পষ্ট কিছু বলতে পারেননি পুলিশ কর্মকর্তা মোজাম্মেল।
“জখমটি গুলির ছিদ্রের মতো মনে হচ্ছে,” বলেছেন তিনি।
স্বজনদের বরাত দিয়ে উত্তরার থানার ওসি আবু বকর মিয়া জানান, আতিক রিকশা থেকে পড়ে আহত হয়েছেন বলে রাতে এক পথচারী তার স্ত্রী জেসমিনকে ফোনে জানান। তাকে উত্তরার নসট্রাম হাসপাতালে নেওয়ার কথাও জানিয়েছিলেন তিনি।
স্বজনরা নসট্রাম থেকে তাকে প্রথমে বাংলাদেশ মেডিকেল এবং পরে সেখান থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যান।
ওসি বলেন, আতিকের উচ্চ রক্তচাপ ছিল। তিনি প্রায় প্রতিদিনই রাত ১০টার পর কর্মস্থল থেকে বাসায় যেতেন। পথচারীরা রিকশা থেকে পড়ে আহত হওয়ার কথা তার স্ত্রীকে জানিয়েছেন।
“পুলিশও বিষয়টি তদন্ত করছে। ময়নাতদন্তের পর মৃত্যুর কারণ জানা যাবে।”
