কাশ্মীরে যৌন নির্যাতন-হত্যার প্রতিবাদ ঢাবিতে
ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরে সেনাসদস্য কর্তৃক কিশোরীকে যৌন নির্যাতন এবং ওই ঘটনায় চলমান বিক্ষোভে চারজন নিহত হওয়ার প্রতিবাদে ঢাকায় মানববন্ধন করেছেন বাংলাদেশে অবস্থানরত সেখানকার একদল শিক্ষার্থী।
বিশ্বের বিভিন্ন স্থানে ঘোষিত কর্মসূচির অংশ হিসেবে শুক্রবার বিকাল ৫টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যের সামনে এই মানববন্ধন করেন তারা। এসময় তাদের হাতে নির্যাতন ও হত্যার প্রতিবাদ সম্বলিত প্ল্যাকার্ড ছিল।
কর্মসূচির অংশ হিসেবে কাশ্মীরের এসব শিক্ষার্থী সন্ধ্যা ৭টা ৭ মিনিটে বিশ্ববিদ্যালয়ের বটতলায় প্রদীপ প্রজ্জ্বলন করেন।
‘কাশ্মীরী লাইভস: প্রটেস্ট এগেইনস্ট ইন্ডিয়ান ব্রুটালিটিজ ইন কাশ্মীর’ নামে ফেইসবুক ইভেন্টের মাধ্যমে ঢাকা বিশ্ববিদ্যালয়ে জড়ো হন তারা।
তাদের কর্মসূচিতে সংহতি প্রকাশ করেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী ও বাম ছাত্র সংগঠনের কর্মীরা।
গত ছয় দিনে প্রতিবাদকারীদের উপর সেনাবাহিনীর গুলিতে অন্তত চারজন নিহত হয়েছে জানিয়ে তিনি বলেন, “অব্যাহত বিক্ষোভ-সংঘর্ষের কারণে কাশ্মীরের মানুষ নিরাপত্তাহীনতায় ভুগছে। আমরাও আমাদের পরিবার নিয়ে উৎকণ্ঠায় আছি।”
এসময় অবিলম্বে ওই ঘটনার পর সৃষ্ট সংঘাত থামানোর দাবি জানান ঢাকা মেডিকেল কলেজের এই শিক্ষার্থী।
তিনি জানান, সারা বিশ্বে জনমত তৈরির জন্য ভারত-যুক্তরাষ্ট্রসহ পৃথিবীর বিভিন্ন দেশে একই সময়ে এই কর্মসূচি পালিত হয়েছে।
