সোনা পাচারের মামলায় হারুনের জামিন
দেড় বছর আগে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সোয়া দুই কেজি সোনা উদ্ধারের মামলায় ফারহান মানি একচেঞ্জের মালিক মো. হারুন অর রশীদকে জামিন দিয়েছে হাই কোর্ট।
হারুনের জামিন প্রশ্নে রুল নিষ্পত্তি করে বিচারপতি মো. এমদাদুল হক ও বিচারপতি এফ আর এম নাজমুল আহসানের হাই কোর্ট বেঞ্চ বৃহস্পতিবার এ রায় দেয়।
আদালতে হারুনের পক্ষে শুনানি করেন আইনজীবী গোলাম কিবরিয়া, রাষ্ট্রপক্ষে ছিলেন সহকারী অ্যাটর্নি জেনারেল আমিনুর রহমান চৌধুরী টিকু।
মামলার তদন্ত শেষ না হওয়া পর্যন্ত হারুনকে জামিন দেওয়া হয়েছে জানিয়ে আমিনুর রহমান বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এই আদেশের বিরুদ্ধে আপিল বিভাগে আবেদন করা হবে।”
২০১৪ সালের ১২ নভেম্বর চট্টগ্রাম হয়ে ঢাকার শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইটের কেবিন ক্রু মোহাম্মদ মাজহারুল আবছার রাসেলকে দুই কেজি ৩৪৮ গ্রাম সোনাসহ গ্রেপ্তার করে কাস্টমস।
ওই ঘটনায় বিমানবন্দর থানায় বিশেষ ক্ষমতা আইনে মামলা হয়। এ মামলায় রাসেলকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হলে আরও চারজনের নাম আসে। এর ভিত্তিতে ওই বছরের ১৯ নভেম্বর হারুনকে গ্রেপ্তার করা হয়।
নিম্ন আদালতে হারুনের জামিন আবেদন নাকচ হলে তার আইনজীবীরা হাই কোর্টে আসেন। প্রাথমিক শুনানি নিয়ে ২০১৫ সালের ১৭ ফেব্রুয়ারি হাই কোর্ট অন্তর্বর্তীকালীন জামিন মঞ্জুর করে। এরপর হারুন মুক্তিও পান।
কিন্তু রাষ্ট্রপক্ষ আপিল বিভাগে গেলে ওই বছর ১২ মার্চ সর্বোচ্চ আদালত জামিন স্থগিত করে সাত দিনের মধ্যে হারুনকে আত্মসমর্পণের নির্দেশ দেয়। এর পর থেকে তিনি কারাগারেই আছেন।
এরপর গত বছরের শেষ দিকে হওয়া রুলের নিষ্পত্তি করে হাই কোর্ট তার জামিনের আদেশ দিল।
