২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় ‘ছিনতাই-ডাকাতির’ ১৮ জন গ্রেপ্তার

ঢাকার যাত্রাবাড়ীতে বিভিন্ন দেশীয় অস্ত্র ও বেশ কিছু ইলেকট্রিক ডিভাইসসহ ১৮ জন গ্রেপ্তার হয়েছেন, যাদের ডাকাত দলের সদস্য বলছে পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 21 Apr 2016, 10:56 AM

Updated : 20 Aug 2022, 12:30 PM

ঢাকা মহানগর পুলিশের গণমাধ্যম কার্যালয়ে বৃহস্পতিবার দুপুরে এক সংবাদ সম্মেলনে তাদের গ্রেপ্তারের কথা জানানো হয়।

এরা হলেন- মো. নাসির উদ্দিন, বকতিয়ার, মো. হেলাল, মো. সৈয়দ আলম, আবু বক্কর, মো. মোবারক, মো. বোরহান উদ্দিন, জিয়াউল করিম, মো. বেলাল উদ্দিন, মো. নুরুদ্দিন, আহমেদ নূর, মো. আলাউদ্দিন, মো. আবদুল মোমেন, জিয়াউর রহমান, মো. বোরহান উদ্দিন, মেসবাউর রহমান মুন্না, মো. রুবেল ও সরোয়ার উদ্দিন সিফাত।

পুলিশের ওয়ারি বিভাগের উপকমিশনার সৈয়দ নুরুল ইসলাম সংবাদ সম্মেলনে বলেন, যাত্রাবাড়ী থানার গোলাপবাগের ২৮/২/বি নম্বর বাড়ির ষষ্ঠ তলার দুটি ফ্ল্যাট থেকে রাতে এই ১৮ জনকে গ্রেপ্তার করা হয়।

“তারা দীর্ঘদিন ধরে রাজধানীর বিভিন্ন এলাকায় সংঘবদ্ধভাবে ডাকাতি করে আসছে। গ্রেপ্তাররা প্রত্যেকেই কক্সবাজারের চকোরিয়ার বাসিন্দা। তাদের দলনেতা হারুনও চট্টগ্রামের লোক। হারুন বিভিন্ন সময়ে ডাকাতি ও ছিনতাইয়ের জন্য তার দলে সদস্য সংগ্রহ করে ঢাকায় নিয়ে আসে।”

“দলের সদস্যদের দৈনিক ‘কাজের’ ভিত্তিতে পারিশ্রমিক বুঝিয়ে দেয় হারুন। বাসা ভাড়া নিয়ে তাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করে। ডাকাতি-ছিনতাই করা বিভিন্ন জিনিসপত্র বিক্রির জন্য হারুনের আরেকটি গ্রুপও রয়েছে।”

গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদে পাওয়া তথ্যের ভিত্তিতে উপকমিশনার নুরুল বলেন, “তাদের একটি দল সড়কে ট্রাফিক সিগন্যাল ছাড়ার অপেক্ষায় থাকে। গাড়ি ছাড়লে কেউ মোবাইল হাতে গাড়িতে বসে থাকলে তা কেড়ে নেয়। কখনো সড়কের পাশে রাস্তায় অপরিচিত লোকদের সঙ্গে পরিচিত হওয়ার ছলে তাদের মোবাইল ফোন কেড়ে নেয়।”

হারুনের নিয়ন্ত্রণে ছিনতাই ও ডাকাতির এমন একাধিক দল রয়েছে বলে গ্রেপ্তারদের বরাত দিয়ে জানান তিনি।

“হারুনকে গ্রেপ্তার করা সম্ভব হলে তার মোট কয়টি গ্রুপ তা জানা সম্ভব হবে,” বলেন তিনি।

গ্রেপ্তারদের কাছ থেকে ৪০টি মোবাইল সেট, ছয়টি ল্যাপটপ, একটি ট্যাব ও বিভিন্ন দেশীয় অস্ত্র উদ্ধার করা হয় বলে যাত্রাবাড়ী থানার ওসি আনিসুর রহমান জানিয়েছেন।