২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বাড্ডায় পুলিশের উপর হামলা: সিলেটে গ্রেপ্তার আরেক ‘জঙ্গি’

রাজধানীর বাড্ডায় ‘জঙ্গি আস্তানায়’ অভিযানের সময় গোয়েন্দা পুলিশের উপর হামলার ঘটনায় জড়িত অভিযোগে আনসারুল্লাহ বাংলা টিমের সন্দেহভাজন এক সদস্য সিলেট শহরে গ্রেপ্তার হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 19 Apr 2016, 02:44 PM

Updated : 20 Aug 2022, 12:29 PM

গ্রেপ্তারকৃত মেহেদী হাসান অমি ওরফে রাফি ওসামা ওরফে হাসান আব্দুল্লাহর বিস্তারিত পরিচয় জানায়নি পুলিশ।

শহরের আম্বরখানায় অভিযান চালিয়ে সোমবার রাত সাড়ে ৯টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) উপকমিশনার মারুফ হোসেন জানিয়েছেন।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, পুলিশের কাউন্টার টেররিজম অ্যান্ড ট্রান্স ন্যাশনাল ক্রাইম ও ডিএমপির একটি যৌথ দল এই অভিযান চালায়।

গত ১৯ ফেব্রুয়ারি রাতে বাড্ডার সাতারকুল এলাকার ৫৭৭ নম্বর বাসার ওই ঘটনায় গ্রেপ্তার আনসারুল্লাহ বাংলা টিমের দুই সন্দেহভাজন সদস্য শাহীন আলম ও শাহ আলমকে সন্ত্রাসবিরোধী আইনের মামলায় এর মধ্যে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করেছে গোয়েন্দা পুলিশ।

মামলার নথিকে দেখা যায়, শুক্রবার রাতের ওই অভিযানে গোয়েন্দা পুলিশের এক সদস্য আহত হন এবং দুই জঙ্গিকে আটক করা হয়।

এর আগে শুক্রবারই গাজীপুর থেকে এক জঙ্গিকে আটক করে গোয়েন্দা পুলিশ। তার দেওয়া তথ্যে রাত ৮টার দিকে সাতারকুলে বায়তুল মাহমুদ জামে মসজিদ এলাকায় জঙ্গি আস্তানায় অভিযান চালায় গোয়েন্দা পুলিশ।

অভিযান চালালে গোয়েন্দা পুলিশের ইন্সপেক্টর বাহাউদ্দিনকে (৪৫) কুপিয়ে জখম করে জঙ্গিরা। এ সময় পুলিশ আত্মরক্ষার্থে ১৫-২০ রাউন্ড গুলি ছোড়ে। জঙ্গিরাও পাল্টা গুলি ছোড়ে।

ওই ঘটনায় গ্রেপ্তার দুজনকে জিজ্ঞাসাবাদে মেহেদী হাসান অমির সম্পৃক্ততা পাওয়া গেছে দাবি করে গোয়েন্দা পুলিশ বলছে, তিনি সিলেট বিভাগের আনসারুল্লাহ বাংলা টিমের দাওয়াতি শাখার দায়িত্বশীল নেতা হিসেবে কাজ করছিলেন।

তার সংগ্রহ করা কয়েকজন কর্মীকে নিয়ে বাড্ডার সাতারকুল এলাকার ওই বাসায় জঙ্গি প্রশিক্ষণ চলছিল বলে তারা বলছে।