২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

সব গ্রামেই একটি করে পুকুর হবে: মন্ত্রী

সবার জন্য সুপেয় পানি নিশ্চিত করতে প্রতিটি গ্রামে একটি করে পুকুর খনন করে জলাধার তৈরি করা হবে বলে জানিয়েছেন স্থানীয় সরকারমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Apr 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:28 PM

সচিবালয়ে রোববার স্থানীয় সরকার মন্ত্রণালয়ের অধীন বাস্তবায়নাধীন প্রকল্পগুলোর পর্যালোচনা সভায় মন্ত্রী এই জানান বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে।

মন্ত্রী বলেন, ভূ-গর্ভস্থ পানি ব্যবহারের ফলে পানির স্তর প্রতিনিয়ত নিচে নেমে যাচ্ছে।

“এ অবস্থা থেকে পরিত্রাণের লক্ষ্যে ভূ-গর্ভস্থ পানির পরিবর্তে পুকুর খনন করে ভূ-উপরিস্থ পানি যথাযথভাবে কাজে লাগানো হবে।”

প্রতি গ্রামে জলাধার তৈরিতে জনস্বাস্থ্য প্রকৌশল অধিদপ্তর প্রকল্প হাতে নেবে বলে তিনি জানান।

রাজধানীসহ সব এলাকায় সুপেয় পানি সরবরাহ নিশ্চিত এবং বর্ষা মৌসুমে শহরের জলাবদ্ধতা নিরসনে কার্যকরী পদক্ষেপ নিতে সংশ্লিষ্টদের নির্দেশ দেন স্থানীয় সরকারমন্ত্রী।

স্থানীয় সরকার বিভাগের সচিব আবদুল মালেক, পল্লী উন্নয়ন ও সমবায় বিভাগের অতিরিক্ত সচিব সরদার আবুল কালাম ছাড়াও মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন সংস্থা ও দপ্তরের কর্মকর্তারা সভায় উপস্থিত ছিলেন।