২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

যৌতুক মামলায় বাজিতপুরের এসি (ল্যান্ড) কারাগারে

যৌতুক মামলায় কিশোরগঞ্জের বাজিতপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) খায়রুল আলম সুমন ও তার মা খোদেজা বেগমকে কারাগারে পাঠিয়েছে আদালত।

আদালত প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 14 Apr 2016, 12:41 AM

Updated : 20 Aug 2022, 12:27 PM

বুধবার ঢাকা মহানগর হাকিম জাকির হোসেন টিপু তাদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার তদন্ত কর্মকর্তা রাজধানীর ওয়ারী থানার এসআই শাহ আলম এদিন তাদেরকে আদালতে হাজির করে পাঁচ দিনের হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করেন।

আসামিপক্ষের আইনজীবী মাসুদ আহমেদ পুলিশের ওই রিমান্ড আবেদন বাতিল চেয়ে তাদের জামিন আবেদন করেন।

শুনানি শেষে আদালত রিমান্ড ও জামিন উভয় আবেদন নাকচ করে আসামিদের কারাগারে পাঠানোর আদেশ দেন।

মামলার অভিযোগ থেকে জানা যায়, ২০১৫ সালের ৫ জুন খায়রুল আলমের সঙ্গে ওই নারীর বিয়ে হয়। তারপর থেকে আসামিরা তার কাছে যৌতুক চেয়ে আসছিলেন। তারা তাকে নানাভাবে নির্যাতন করতেন।

গত ২৪ মার্চ রাতে ওয়ারী এলাকায় খায়রুলের বাসায় তাকে গরম খুন্তি দিয়ে ছেঁকা দেন তার মা। এ সময় খায়রুল তার স্ত্রীর হাত চেপে ধরেন। পরে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।

এ ঘটনার পরদিন ওয়ারী থানায় মামলা করেন তিনি।