মন্ত্রিসভার সিদ্ধান্ত বাস্তবায়নের হার বেড়েছে
চলতি বছরের প্রথম তিন মাসে মন্ত্রিসভার ৬২ দশমিক ০৩ শতাংশ সিদ্ধান্ত বাস্তবায়িত হয়েছে; যেখানে গত বছর একই সময়ে ৫০ শতাংশ ছিল।
সচিবালয়ে সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার নিয়মিত বৈঠকে জানুয়ারি-মার্চ সময়ে মন্ত্রিসভায় গৃহীত সিদ্ধান্ত বাস্তবায়নের এই তথ্য-উপাত্ত উপস্থাপন করা হয়।
বৈঠক শেষে মন্ত্রিপরিষদ সচিব মোহাম্মদ শফিউল আলম সাংবাদিকদের বলেন, “গত বছরের একই সময়ের চেয়ে এবার মন্ত্রিসভার পারফরমেন্স বেটার।”
তিনি জানান, বছরের প্রথম তিন মাসে ১৩টি মন্ত্রিসভা বৈঠকে ৭৯টি সিদ্ধান্ত হয়। এর মধ্যে বাস্তবায়ন হয়েছে ৪৯টি সিদ্ধান্ত; বাস্তবায়নের হার ৬২ দশমিক ০৩ শতাংশ।
এছাড়া ৩০টি সিদ্ধান্ত বাস্তবায়নাধীন বলে জানান সচিব।
২০১৫ সালের জানুয়ারি-মার্চ সময়ে ১৩টি মন্ত্রিসভা বৈঠকে ৬৬টি সিদ্ধান্ত হয়েছিল। এর মধ্যে ৩৩টি সিদ্ধান্ত বাস্তবায়িত হয়; বাস্তবায়নের হার ছিল ৫০ শতাংশ।
“গত তিন মাসে মন্ত্রিসভায় তিনটি নীতি বা কর্মকৌশল, পাঁচটি চুক্তি বা সমঝোতা স্মারক (এমওইউ) অনুমোদিত হয়েছে। এই সময়ে সংসদে আইন পাস হয়েছে নয়টি।”
গত বছর জানুয়ারি থেকে মার্চ পর্যন্ত সময়ে মন্ত্রিসভায় দুটি নীতি বা কর্মকৌশল, তিনটি চুক্তি বা সমঝোতা স্মারক এবং তিনটি আইন পাস হয়েছিল বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’
প্রতিবছর ২৮ এপ্রিল ‘জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস’ উদযাপন করার সিদ্ধান্ত নিয়েছে সরকার।
সোমবার মন্ত্রিসভা বৈঠকে এ সংক্রান্ত প্রস্তাব অনুমোদন পায় বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
শফিউল বলেন, ২০১৩ সালের জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি নীতিমালাতেই এ দিবস পালনের কথা বলা হয়েছে।
“আনুষ্ঠানিকতা হলো, এটা মন্ত্রিসভায় উপস্থাপন ও পাস করতে হয়।… মন্ত্রিসভা সম্মতি দিয়েছে, প্রতি বছর ২৮ এপ্রিল জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস পালন করা হবে।”
জাতীয় পেশাগত স্বাস্থ্য ও সেইফটি দিবস এ বছর থেকেই পালন করা হবে বলে মন্ত্রিপরিষদ সচিব জানান।
