২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নববর্ষে আনন্দ হোক, সন্ধ্যায় উন্মুক্ত কনসার্ট নয়: পুলিশ

পহেলা বৈশাখে বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনে নিষেধাজ্ঞা দিয়েছে ঢাকা মহানগর পুলিশ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 11 Apr 2016, 12:06 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

সেই সঙ্গে নববর্ষের সকালে নির্বিঘ্নে মঙ্গল শোভাযাত্রা আয়োজনে বিপুল নিরাপত্তা আয়োজনের কথা জানিয়েছেন ঢাকার পুলিশ কমিশনার আছাদুজ্জামান মিয়া।  

সোমবার এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আমরা সম্মানিত নগরবাসীকে জননিরাপত্তার স্বার্থে বিনীতভাবে অনুরোধ করব, পরামর্শ দেব, ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো কনসার্ট, সাংস্কৃতিক অনুষ্ঠান বা নৃত্যানুষ্ঠান করা যাবে না। এটা ৫টার মধ্যে শেষ করতে হবে। তবে ইনডোরে, সুরক্ষিত স্থানে রাতে বা সন্ধ্যার পরও বৈশাখী অনুষ্ঠান করা যাবে।”

রাজধানীতে বর্ষবরণ আয়োজনের মূল কেন্দ্র সোহরাওয়ার্দী উদ্যানের সব ফটক বিকাল সাড়ে ৪টার পর বন্ধ করে দেওয়া হলেও শহরের রাস্তায় বেড়াতে বা আনন্দ উদযাপনে কোনো বাধা নেই বলে পুলিশ কমিশনার জানান। 

“টিএসসিসহ ঢাকা বিশ্ববিদ্যালয়, ও ঢাকা শহরের অন্যান্য জায়গায়, সন্ধ্যার পরে হেঁটে বেড়াতে, গল্প করতে, বৈশাখের রঙ-বেরঙের পোশাক পরে জনগণ আনন্দ উৎসব করবে, আমরা পরিপূর্ণ নিরাপত্তা দেব- সেই ক্ষেত্রে কোনো বিধি নিষেধ নাই।”  

যা কিছু নিষেধ

# মঙ্গল শোভাযাত্রায় মুখোশ পরা যাবে না, তবে চারুকলার তৈরি ঐতিহ্যবাহী মুখোশ হাতে রাখা যাবে।

# পণ্যের বিজ্ঞাপনের জন্যে বিশেষ টি শার্ট পরে মঙ্গল শোভাযাত্রায় যোগ দেওয়া চলবে না।

# বিকাল ৫টার পর উন্মুক্ত স্থানে কোনো ধরনের কনসার্ট বা সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা যাবে না

কোনো আশঙ্কা থেকে কি এবার এত কড়াকড়ি- জানতে চাইলে আছাদুজ্জামান মিয়া বলেন, “কোনো আশঙ্কা নেই ও সুনির্দিষ্ট কোনো হুমকি নেই।

“আমি শুধু এটা বলতে চাই পহেলা বৈশাখ অনুষ্ঠান যাতে পরিপূর্ণ নিরাপত্তার সাথে হয়, উৎসবমুখর পরিবেশে হয়, আনন্দ উল্লাসের মধ্য দিয়ে হয়, জনগণকে যাতে কোনো নিরাপত্তা ঝুঁকি নিতে না হয়, সেজন্যই আমরা একজন পেশাদার বাহিনী হিসেবে নিরাপত্তা নিশ্ছিদ্র করতে নানা রকম পদক্ষেপ নিয়েছি।”

গতবছর পহেলা বৈশাখের সন্ধ্যায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি সংলগ্ন সোহরাওয়ার্দী উদ্যানের ফটকে ভিড়ের মধ্যে নারীদের যৌন নিপীড়নের ঘটনার কথা স্মরণ করে পুলিশ কমিশনার বলেন,  “গতবছর অনাকাঙ্ক্ষিত ঘটনা ঘটেছিল, আমরা দুঃখিত। এ ধরনের ঘটনা যাতে আর না ঘটে সেজন্য আমরা সচেষ্ট থাকব।”

উত্ত্যক্তকারীদের ঠেকাতে এবার পুলিশের বিশেষ দল মাঠে থাকবে। ওয়াচ টাওয়ার থেকে ঢাকা বিশ্ববিদ্যালয় ও রমনা এলাকায় বর্ষবরণেরে উৎসব পর্যবেক্ষণ করা হবে বলে জানান তিনি। 

৫০০ বছর আগে আকবরি আমলে রাজস্ব আদায়ের সুবিধার জন্য এই বর্ষগণনা পদ্ধতির প্রবর্তন করা হয়েছিল। কালক্রমে সেই বছরের প্রথম দিন পহেলা বৈশাখ বাঙালির সার্বজনীন উৎসবে রূপ নিয়েছে।

গত চার দশক ধরে রাজধানীতে বর্ষবরণের মূল আয়োজন হয়ে উঠেছে রমনা বটমূলে ছায়ানটের প্রভাতী অনুষ্ঠান। আর চারুকলার মঙ্গল শোভাযাত্রা এই উৎসবের অন্যতম প্রধান অনুষঙ্গ।

১৪ এপ্রিল বঙ্গাব্দ ১৪২২ এর প্রথম দিনের এ উৎসব সামনে রেখে এর আগে গত ৩ এপ্রিল আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের নিয়ে  এক বৈঠকের পর স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল সাংবাদিকদের  জানিয়েছিলেন, মুখোশে মুখ ঢেকে মঙ্গল শোভাযাত্রায় অংশ নেওয়া যাবে না। বিকট শব্দের  ভুভুজেলাও নিষিদ্ধ থাকবে।

সোমবারের সংবাদ সম্মেলনে পুলিশ কমিশনার বলেন, “মঙ্গল শোভাযাত্রায় কেউ যেন মুখোশ না পরে সেজন্য সকলকে ইতোমধ্যে অনুরোধ করেছি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের সঙ্গেও আমাদের কথা হয়েছে। তারা একমত হয়েছেন। কেউ মুখোশ পড়বেন না, তবে বড় যে ছবিগুলো রয়েছে, সেগুলো হাতে ধারণ করা যাবে।”

নিরাপত্তার আয়োজন

>> সোহরাওয়ার্দী উদ্যান, টিএসসি, রমনা পার্ক, ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকা থাকবে সিসিটিভির আওতায়।

>> রমনা পার্কে তিনটি, সোহরাওয়ার্দী ও শাহবাগে একটি করে নিয়ন্ত্রণ কক্ষ থেকে সিসিটিভি পর্যবেক্ষণ হবে।

>> পকেটমার, ছিনতাইকারী ঠেকাতে থাকবে পোশাকধারী পুলিশের বিশেষ দল ও গোয়েন্দা পুলিশ।

>> উত্ত্যক্তকারীদের ধরতে কাজ করবে বিশেষ ব্যবস্থা।

>> সোয়াট টিম থাকবে মঙ্গল শোভাযাত্রার নিরাপত্তায়। গড়ে তোলা হবে নিশ্ছিদ্র নিরাপত্তা বলয়।

>> রমনা ও সোহরাওয়ার্দীতে ঢোকার ও বের হওয়ার জন্য আলাদা ফটক ব্যবহার করতে হবে

>> বিকাল সাড়ে ৪টার পর সোহরাওয়ার্দী উদ্যানের সব ফটক বন্ধ করে দেওয়া হবে।

আছাদুজ্জামান মিয়া বলেন, বিগত সময়ে মূল মঙ্গল শোভাযাত্রার পেছনে কিছু বহিরাগত লোককেও মুখোশ পরে অংশ নিতে দেখা গেছে। এ ধরনের চেষ্টা এবার কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে।

“এর বাইরেও বিভিন্ন পণ্যের বিপণন এর জন্যে বিভিন্ন ধরণের টি শার্ট পরিধান করে বিভিন্ন কোম্পানি চলে আসে, যারা মূল মঙ্গল শোভাযাত্রার পার্ট নয়। যারা চারুকলা কর্তৃক স্বীকৃত নয়, তারা যেন বিপণন বা বাণিজ্যিকীকরণের মাধ্যমে মঙ্গল শোভাযাত্রার মূল উদ্দেশ্য বিঘ্নিত করতে না পারে, সে বিষয়ে আমরা প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করব।”

পুলিশ কমিশনার জানান, শাহবাগ, রমনা, সোহরাওয়ার্দীর পুরো এলাকা পুলিশের ‘সেন্ট্রাল মাইকিং সিস্টেমে’ থাকবে। সেখান থেকে উৎসবে আসা মানুষকে প্রয়োজনীয় পরামর্শ  ও নির্দেশনা দেওয়া হবে। 

পাশাপাশি ওই এলাকার ফুটপাত এবং রাস্তা ‘হকারমুক্ত’ রাখা হবে। থাকবে পুলিশের ‘লস্ট অ্যান্ড ফাউন্ড’ সেন্টার। কেউ হারিয়ে গেলে সেখানে অভিযোগ জানানো যাবে।

বৈশাখের অনুষ্ঠান বন্ধে ওলামা লীগের আহ্বানের প্রতিক্রিয়া জানতে চাইলে ডিএমপি কমিশনার বলেন, “গণতান্ত্রিক দেশে সকলের বাক স্বাধীনতা আছে এবং বাক স্বাধীনতার কারণে অনেকে অনেক ধরনের কথা বলেন। সেটায় আমাকে কান দিলে চলবে না।

“এ কথা বলতে বাধা নেই। একটি চিহ্নিত মহল, একটি কুচক্রি মহল বাঙালি সংস্কৃতি, সেটাকে নানাভাবে বিতর্কিত করার একটা অপচেষ্টা দীর্ঘদিন ধরে করে আসছে। এ ব্যাপারে আমরা সতর্ক রয়েছি। অপপ্রচারে কেউ যেন বিভ্রান্ত না হয়, সে ব্যাপারে সকলের প্রতি আমি আহ্বান জানাই।”

যান চলাচলে নিয়ন্ত্রণ

পহেলা বৈশাখে শাহবাগ, রমনা ও সোহরাওয়ার্দী উদ্যানকেন্দ্রিক অনুষ্ঠান বেশি হওয়ায় ওই এলাকায় যান চলাচল নিয়ন্ত্রিত থাকবে বলে জানান উপ-কমিশনার (ট্রাফিক) খান মোহাম্মদ রেজওয়ান।

বাংলামোটর-পুরাতন এলিফ্যান্ট রোড ও টেলিযোগাযোগ ভবন ক্রসিং, রূপসী বাংলা ক্রসিং দিয়ে গাড়ি চলাচল বন্ধ থাকবে।

এছাড়া শাহবাগ মোড়, মৎস্যভবন, কদমফুল ক্রসিং, হাই কোর্ট ক্রসিং, মিন্টো রোড, হেয়ার রোডেও কোনো গাড়ি চলাচল হবে না।

নীলক্ষেত থেকে টিএসসি, পলাশী মোড় থেকে শহীদ মিনার হয়ে দোয়েল চত্বর ও বকশী বাজার থেকে জগন্নাথ হল হয়ে টিএসসি পর্যন্ত সড়কেও গাড়ি চলাচল করবে না।

পুলিশ কর্মকর্তা রেজওয়ান বলেন, পহেলা বৈশাখের অনুষ্ঠানে যারা গাড়ি নিয়ে আসবে তাদের জন্য নির্দিষ্ট পার্কিংয়ের ব্যবস্থা করা হয়েছে।

উত্তর দিক থেকে আসা গাড়ি নেভী গ্যাপ হতে পুরাতন এলিফ্যান্ট রোডে রাখা যাবে। পূর্ব দিক থেকে আসা গাড়িগুলো রাখা যাবে জিরো পয়েন্ট থেকে আব্দুল গণি রোডে, সেগুন বাগিচায়।

দক্ষিণ-পশ্চিম দিক থেকে আসা গাড়ি জগন্নাথ হল থেকে পলাশী এবং দক্ষিণ থেকে আসা গাড়ি কার্জন হল থেকে আব্দুল গণি রোডে ও ফুলবাড়িয়া রোডে রাখা যাবে।

পশ্চিম দিক থেকে আসা গাড়িগুলো কাঁটাবন থেকে পলাশী রোডে রাখা যাবে।

ভিআইপিদের গাড়ি বেইলি রোডে এবং গণমাধ্যমের গাড়ি মিন্টো রোডে রাখা যাবে।