২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিম হত্যা: ধর্মঘটে অচল জগন্নাথ বিশ্ববিদ্যালয়

সহপাঠী অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদের খুনীদের গ্রেপ্তারের দাবিতে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে ধর্মঘট পালন করছেন শিক্ষার্থীরা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

জগন্নাথ বিশ্ববিদ্যালয় প্রতিনিধি

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Apr 2016, 02:34 PM

Updated : 11 Oct 2022, 08:04 PM

পূর্বঘোষিত কর্মসূচি অনুযায়ী, রোববার সকাল ৮টার দিকে ক্যাম্পাসের নতুন ভবন, বিজ্ঞান ভবন ও কলা অনুষদের কয়েকটি ভবনে তালা ঝুলিয়ে দেন বিক্ষুব্ধ শিক্ষার্থীরা।

সকাল থেকে বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের উপস্থিতি ছিল খুব কম; পরে ধর্মঘট কর্মসূচিতে যোগ দেন বেশ কিছু শিক্ষার্থী।

তবে দুপুরের আগে অধিকাংশ বিভাগে লাগানো তালা ভেঙ্গে ফেলা হলেও ক্লাস প্রায় পুরোপুরি বন্ধ ছিল। মৌখিকসহ বিভিন্ন বিভাগের নির্ধারিত পরীক্ষা অনুষ্ঠিত হয়েছে।

শিক্ষার্থীদের অভিযোগ, বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রক্টর ড. নূর মোহাম্মদের সহায়তায় তালা ভেঙ্গে ফেলা হয়।

তবে অভিযোগ অস্বীকার করে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “প্রক্টরিয়াল বডি, পুলিশ কেউ তালা ভাঙ্গেনি। সাধারণ শিক্ষার্থীরাই ক্লাসের জন্য তালা ভেঙ্গেছে।”

তালা ভাঙ্গায় সহায়তা করেছেন কিনা জানতে চাইলে তিনি বলেন, “আমি আশেপাশেই ছিলাম।”

সকাল ১০টার দিকে বিশ্ববিদ্যালয়ের ভাস্কর্য চত্বরে বিক্ষোভ সমাবেশে তন্ময় নামে আন্দোলনকারী এক শিক্ষার্থী বলেন, “প্রধানমন্ত্রীর বিরুদ্ধে কেউ কোন কটু কথা বললে তাকে খুঁজে বের করা হয়।

“কিন্তু সবার সামনে একজন মানুষ খুন হল, অথচ খুনীদের ধরা যাচ্ছে না- এটা আইন শৃঙ্খলা বাহিনীর দুর্বলতা।”

পরে ১১টার দিকে নাজিমুদ্দিন সামাদের খুনীদের গ্রেপ্তারের দাবিতে ক্যাম্পাসে বিক্ষোভ মিছিল করে আন্দোলনকারীরা।

বেলা ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের ক্যান্টিনের সামনে সংবাদ সম্মেলন করে ১৩ এপ্রিল বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন ঘেরাওয়ের কর্মসূচি ঘোষণা করেন সাধারণ শিক্ষার্থীরা।

আন্দোলনের আহ্বায়ক রুহুল আমিন বলেন, নাজিমুদ্দিনের খুনিদের গ্রেপ্তারের দাবির পাশাপাশি আন্দোলনে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অসহযোগিতার প্রতিবাদে প্রশাসনিক ভবন ঘেরাও করা হবে।

শুক্রবার বিকালে নাজিম হত্যার প্রতিবাদে শাহবাগে সংহতি সমাবেশে রোববার ক্লাস-পরীক্ষা বর্জনের করে ধর্মঘট পালনের ঘোষণা দেন সাধারণ শিক্ষার্থীদের আন্দোলনের আহ্বায়ক রুহুল আমিন।

গত বুধবার রাতে গেন্ডারিয়ার বাসায় যাওয়ার পথে পুরান ঢাকার সূত্রাপুরে দুর্বৃত্তদের ছুরিকাঘাত ও গুলিতে নিহত হন নাজিম। এ ঘটনায় সূত্রাপুর থানায় পুলিশ একটি মামলা করলেও খুনের রহস্য উদঘাটনে কোনো অগ্রগতি নেই।

সিলেট শাখা বঙ্গবন্ধু যুব পরিষদের তথ্য ও গবেষণা সম্পাদক নাজিম গণজাগরণ মঞ্চের সক্রিয় কর্মী ছিলেন।

ফেইসবুকে ধর্মান্ধতা ও সমসাময়িক রাজনীতি নিয়ে সমালোচনামূলক লেখালেখি করা নাজিমের মৃত্যুতে বৃহস্পতিবার জাতিসংঘ, ইউরোপীয় ইউনিয়ন ও যুক্তরাষ্ট্র নিন্দা জানিয়েছে।