২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

নাজিম হত্যায় যুক্তরাজ্যের মন্ত্রীর নিন্দা

ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে সোচ্চার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমুদ্দিন সামাদ হত্যাকাণ্ডের নিন্দা জানিয়েছেন যুক্তরাজ্যের পররাষ্ট্র ও কমনওয়েলথ কার্যালয়ের আন্ডার সেক্রেটারি টোবিয়াস এল্লুড।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 09 Apr 2016, 08:49 PM

Updated : 20 Aug 2022, 12:24 PM

শনিবার এক বিবৃতিতে তিনি বলেন, “নাজিমুদ্দিন সামাদের হত্যায় আমি শোকাহত ও শঙ্কিত। মুক্তমতের ওপর আল কায়েদার ভারতীয় উপমহাদেশ শাখার দাবি করা এই হামলার তীব্র নিন্দা জানাই।”

সিলেট থেকে ঢাকায় আইন পড়তে আসা নাজিমকে (২৭) গত বুধবার রাতে পুরান ঢাকার সূত্রাপুরের একরামপুর মোড়ে কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে কয়েক দুর্বৃত্ত।

আল কায়দার ভারতীয় উপমহাদেশ শাখার বাংলাদেশ শাখা আনসার আল-ইসলাম ‘আল্লাহ, নবী মোহাম্মদ (সা.) ও ইসলামকে অবমামনা করায় প্রতিশোধ’ ব্লগার নাজিমকে হত্যার দায় স্বীকার করে বিবৃতি দিয়েছে বলে সাইট ইন্টিলিজেন্স গ্রুপের দাবি। 

নাজিম মূলত ফেইসবুকে লিখতেন এবং তাতে ধর্মান্ধতার সমালোচনা করলেও ইসলামের বিরুদ্ধে কোনো কথা পাওয়া যায়নি বলে পুলিশ কর্মকর্তারা জানিয়েছেন।

এর আগে নাজিম হত্যাকাণ্ডের ঘটনায় জাতিসংঘ ও ইউরোপীয় ইউনিয়নও নিন্দা জানায়।

বিবৃতিতে সন্ত্রাসবাদ ও উগ্র সহিংসতা দমনে যুক্তরাজ্য বাংলাদেশ সরকারকে সহযোগিতা চালিয়ে যাবে বলে জানান যুক্তরাজ্যের আন্ডার সেক্রেটারি টোবিয়াস এল্লুড।