ঢাবি ক্যাম্পাসে ছাত্রলীগের দুই পক্ষের হাতাহাতি, আহত ৭
ঢাকা বিশ্ববিদ্যালয়ের মাস্টার দা সূর্যসেন হল ও জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মীদের হাতাহাতিতে সাতজন আহত হয়েছেন।
বৃহস্পতিবার রাত সাড়ে ৮টার দিকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মলচত্বরে এ ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
আহতরা হলেন- আবাসিক ছাত্র আরবি বিভাগের দ্বিতীয় বর্ষের ছাত্র বশির আহমদ; রাষ্ট্রবিজ্ঞান বিভাগের প্রথম বর্ষের আব্দুল গফফার; বিশ্বধর্ম তত্ত্ব বিভাগের দ্বিতীয় বর্ষের রুস্তম; লোকপ্রশাসনের দ্বিতীয় বর্ষের নাছিফ; দর্শন বিভাগের প্রথম বর্ষের জাবেদ; ইতিহাসের তৃতীয় বর্ষের রিয়াদ এবং সমাজবিজ্ঞান বিভাগের মোখলেছুর।
বশির গফফার, রুস্তম, ও নাছিফ মুক্তিযোদ্ধা জিয়াউর রহমান হল শাখা ছাত্রলীগের কর্মী ও ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতাহার হোসেন প্রিন্সের অনুসারী হিসেবে পরিচিত।
আহতদের প্রথমে ঢাকা মেডিকেল কলেজের হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে যাওয়া হয়। পরে তাদের বিশ্ববিদ্যালয়ের চিকিৎসা কেন্দ্রে নিয়ে আসা হয়।
ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রলীগের সভাপতি আবিদ আল হাসান বলেন, ছাত্রলীগের কেন্দ্রীয় পরিবেশ বিষয়ক উপ-সম্পাদক নাজমুল হুদা রাজীব মল চত্বরে তার বান্ধবীকে নিয়ে হাঁটার সময় জিয়া হলের ছাত্রলীগের কয়েকজন পিছু নেয়। বিষয়টি বুঝতে পেরে রাজীব তাদের একজনকে ডেকে পিছু নেওয়ার কারণ জিজ্ঞেস করে।
পরে আরও ১৫-২০ জন এসে রাজীবের পরিচয় জানতে চায়। রাজীব তার কেন্দ্রীয় পদ ও সূর্যসেন হল শাখার সাবেক সহ-সভাপতির পরিচয় দিলে তারা তাকে ঘিরে ফেলে। এ সময় সূর্যসেন হল থেকে কয়েকজন এলে মারামারি বেঁধে যায়।
রাজীব বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তারা ছিল ১৫-২০ জন। পরিস্থিতি নিরাপদ মনে হচ্ছিল না বলে হলে ফোন করেছিলাম। আমার কয়েকজন জুনিয়র আসার পর কথাকাটি হয়। তারপর আমার জুনিয়রদের মারধর করে ওরা।”
অন্যদিকে ঢাকা বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোতহার হোসেন প্রিন্স বলেন, “রাজীব তার গার্লফ্রেন্ডকে নিয়ে মল চত্বরে বসে ছিল। হলের একজন তার পরিচয় জিজ্ঞাসা করে-এই হচ্ছে ঘটনা। পরে রাজীব তার হলের জুনিয়রদের ফোন দিয়ে ডেকে নিয়ে আসে, এতে হাতাহাতির ঘটনা ঘটে।”
ছাত্রলীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক এস এম জাকির হোসেন বিডিনিউজ টোয়েন্টিফোর টকমকে বলেন, “ঘটনা শুনেছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।”
বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমজাদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমি ঘটনাটি শুনেছি, তবে পুরোপুরি জানি না। এখনো কেউ অভিযোগ করেনি।”
