নাজিমের মাথায় গুলি-কোপের চিহ্ন
অনলাইন অ্যাক্টিভিস্ট নাজিমুদ্দিন সামাদের মাথার বাম পাশে একটি গুলি ও ডান পাশে একটি চাপাতির কোপ রয়েছে।
বুধবার রাতে সূত্রাপুরে দুর্বৃত্তদের গুলি ও চাপাতির আঘাতে নিহত নাজিমের ময়নাতদন্ত মিটফোর্ড হাসপাতাল মর্গে রাতেই হয়, তবে প্রতিবেদন এখনও আসেনি।
তা পেতে দুয়েকদিন লাগতে পারে বলে বৃহস্পতিবার রাতে জানায় সূত্রাপুর থানা পুলিশ।
মিটফোর্ড হাসপাতাল মর্গের সহকারী শ্যামল বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র নাজিমের মাথার বাম পাশে একটি গুলি ও ডান পাশে একটি চাপাতির কোপ রয়েছে।
নাজিমের লাশ তার ভাতিজা জাহিদুল হক সুমনের কাছে হস্তান্তরের কথা জানিয়ে সূত্রাপুর থানার ওসি তপন সাহা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ময়নাতদন্তের প্রতিবেদন দুয়েক দিনের মধ্যে পাওয়া যাবে।”
মিটফোর্ড মর্গের ফ্রিজ নষ্ট থাকায় নাজিমের লাশ বৃহস্পতিবার বিকাল ৫টার দিকে ঢাকা মেডিকেল কলেজ মর্গে স্থানান্তর করা হয়।
সেখান থেকে রাত সোয়া ১১টার দিকে নাজিমের কফিন নিয়ে গ্রামের বাড়ি সিলেটের বিয়ানীবাজার রওনা করেন তার স্বজনরা।
জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের আইন বিভাগের সান্ধ্যকালীন কোর্সের ছাত্র ২৭ বছর বয়সী নাজিমকে বুধবার রাত ৯টার দিকে সূত্রাপুরের একরামপুরে এলোপাতাড়ি কুপিয়ে ও গুলি চালিয়ে হত্যা করে দুর্বৃত্তরা।
রাত দেড়টার দিকে মিটফোর্ড হাসপাতালে তার লাশের ময়নাতদন্ত হয়। তবে ফ্রিজ নষ্ট থাকায় লাশ সংরক্ষণ করা যাচ্ছিল না। নিহতের পরিবারের কেউ না থাকায় হাসপাতাল কর্তৃপক্ষ মরদেহ হস্তান্তর কিংবা স্থানান্তর করতে পারছিল না।
সিলেটের বাসিন্দা নাজিমের এক ভাইয়ের ছেলে সুমন বৃহস্পতিবার মর্গে যান বন্ধুদের নিয়ে। পরে পুলিশের সহায়তায় মরদেহ ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে নেন তিনি।
সুমন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কাল রাতে সূত্রাপুর থানা থেকে আমাকে ফোন দেওয়া হয়। এরপর আমি এখানে আসি।
“কিন্তু আমি তো লাশ গ্রহণ করার কেউ না। আমার এক চাচা বদরুল লন্ডন থেকে আসতে আসতে আজ রাত ১০টা বাজতে পারে। এর আগ পর্যন্ত এখানে মরদেহ রাখার অবস্থা নেই। তাই স্থানান্তর করা হচ্ছে।”
সোহেলসহ নাজিমের কয়েকজন বন্ধুও সকালে মিটফোর্ড হাসপাতালে যান জানিয়ে সুমন বলেন, “তিনি চাচার সঙ্গে সিলেট লিডিং বিশ্ববিদ্যালয়ে পড়াশুনা করেছেন। তারা দুজন বন্ধু; ঢাকায়ও একই রুমে থাকতেন।”
নাজিম ধর্মান্ধতার বিরুদ্ধে অনলাইনে লেখালেখিতে সক্রিয় ছিলেন। ফেইসবুক পাতায় তিনি নিজেকে সিলেট জেলা বঙ্গবন্ধু জাতীয় যুব পরিষদের তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক হিসেবে উল্লেখ করেন।
জগন্নাথে এলএলএম কোর্সে ভর্তির আগে সিলেটের বেসরকারি লিডিং ইউনিভার্সিটি থেকে স্নাতক ডিগ্রি নেন নাজিম। তিনি সিলেটে গণজাগরণ আন্দোলনের সংগঠক হিসেবেও কাজ করেন বলে বন্ধুরা জানিয়েছেন।
ফেইসবুকে তার বন্ধুরা লিখেছেন, হেঁটে যাওয়ার পথে আক্রান্ত হন নাজিম। হামলাকারীরা ‘আল্লাহু আকবার’ ধ্বনি দিয়ে আক্রমণ করেছিল।
গেন্ডারিয়ার রজনী চৌধুরী ঘোষ লেনের যে বাসায় নাজিম থাকতেন বৃহস্পতিবার রাতে সে কক্ষে গিয়ে দেখা যায়, মেঝেতে বিছানা করে ঘুমাতেন নাজিম ও সোহেল।
ছয়তলার ওই ফ্ল্যাটের আরেক কক্ষে নাজমুল নামে এক ওষুধ কোম্পানির লোক থাকেন বলে জানান বাড়ির মালিক মহিউদ্দীন।
বাড়ির দারোয়ান আব্দুল কাদের বলেন, নাজিম সকাল ১০টায় বাসা থেকে বের হতেন; ফিরতেন রাত ৮/৯টার দিকে। কোনো বন্ধু-বান্ধব তার সঙ্গে যাওয়া-আসা করতেন না।
সোহেল ও নাজমুল কোথায় জানতে চাইলে পুলিশের ওয়ারি জোনের জ্যেষ্ঠ সহকারী কমিশনার নূরুল আমীন বলেন, “নাজমুল বুধবার ঘটনার পরপর ঘটনাস্থলে এসেছিল। সোহেলের সঙ্গে কয়েকবার ফোনে কথা হয়েছে। তারা দুজন যা জানেন, তা আমাদের জানিয়ে সহযোগিতা করছেন।”
নাজিম হত্যার ঘটনায় বৃহস্পতিবার রাতে অজ্ঞাতপরিচয় ৫/৬ জনকে আসামি করে সূত্রাপুর থানার এসআই নুরুল ইসলাম বাদী হয়ে মামলা করেন বলে জানান পরিদর্শক (তদন্ত) সমীর চন্দ্র সূত্রধর।
তিনি বলেন, “নিহতের চাচাতো ভাই বদরুল হক বৃহস্পতিবার সন্ধ্যায় লন্ডন থেকে সূত্রাপুর থানায় আসলেও তিনি বাদি হয়ে মামলা করতে রাজি হননি। তাই পুলিশ বাদী হয়ে মামলা করেছে।
বদরুল হক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, নাজিমুদ্দিনের দুই ভাই শামীমউদ্দিন ও জসিমউদ্দিন লন্ডনে থাকেন। আরেক ভাই সুনামউদ্দিন থাকেন ফান্সে। ভিসাগত সমস্যার কারণে তারা বাংলাদেশে আসতে পারেননি।
নাজিমুদ্দিনের দুই বোন পারুল ও নাসিমা সিলেটে থাকেন। পারুলের বিয়ে হলেও নাসিমার হয়নি।
তিনি বলেন, বৃহস্পতিবার রাতেই নাজিমুদ্দিনের মৃতদেহ সিলেটে নেওয়া হবে।
কী কারণে এবং কারা নাজিমকে হত্যা করতে পারে জানতে চাইলে বদরুল হক বলেন, “আমি এই বিষয়ে কিছু জানি না এবং কিছু বলতেও চাই না।”
জগন্নাথে ছাত্র ধর্মঘটের ডাক
নাজিম হত্যার প্রতিবাদে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা বৃহস্পতিবার জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে রোববার ছাত্র ধর্মঘটসহ লাগাতার আন্দোলন কর্মসূচি ঘোষণা করেছে।
বিশ্ববিদ্যালয়ের সামনে গুলিস্থান থেকে সদরঘাটমুখী রাস্তা অবরোধ করে চার ঘণ্টা বিক্ষোভ দেখানোর পর এই কর্মূসচি ঘোষণা করা হয়।
বিশ্ববিদ্যালয় শাখা ছাত্র ইউনিয়নের সাধারণ সম্পাদক এস কে শুভ বলেন, “আগামীকাল শুক্রবার বিকাল ৩টায় শাহবাগে সাধারণ শিক্ষার্থীরা বিক্ষোভ সমাবেশ করবে।
“শনিবারের মধ্যে খুনিরা গ্রেপ্তার না হলে রোববার সর্বাত্মক ছাত্র ধর্মঘট পালন করা হবে।”
