২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

‘তদন্তে গিয়ে হামলার শিকার’ শাহবাগ থানার পুলিশ, আটক ৪

‘চাঁদার দাবিতে মারধরের অভিযোগ তদন্ত’ করতে গিয়ে রাজধানীর রেল ভবনের কাছে পিডব্লিউডি কর্মচারী কোয়ার্টার এলাকায় হামলার শিকার হয়েছে শাহবাগ থানার পুলিশ।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 07 Apr 2016, 10:27 PM

Updated : 20 Aug 2022, 12:23 PM

বৃহস্পতিবার সন্ধ্যার এ ঘটনায় তিন পুলিশ সদস্য আহত হওয়ার পর চারজনকে আটক করা হয়েছে বলে জানিয়েছেন ঘটনায় আহত শাহবাগ থানার এসআই হারুন-অর-রশিদ।

আটক কারও নাম পরিচয় জানায়নি পুলিশ।

এসআই হারুন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, বিকালে পিডব্লিউডি’র কয়েকজন কর্মচারী থানায় এসে ‘চাঁদার দাবিতে তাদের মারধর করা হয়েছে’ বলে কয়েকজনের বিরুদ্ধে অভিযোগ আনেন।

“অভিযোগকারীদের নিয়ে সন্ধ্যার কিছু আগে এই ঘটনার তদন্ত করতে গেলে তারা হামলাকারীদের দেখিয়ে দেয়। এ সময় পুলিশ কয়েকজনকে আটক করে গাড়িতে তুলে।”

এই পুলিশ সদস্যের দাবি, এসময় কারও কারও উসকানিতে কোয়ার্টারের কয়েকজন এসে আটকদের ছেড়ে দিতে বলে। এক পর্যায়ে তারা পুলিশের উপর হামলা চালালে পুলিশও লাঠিপেটা করে।

এই ঘটনার সময় তিনিসহ তিন পুলিশ সদস্য আহত হন বলে জানান এসআই হারুন।

এ ঘটনায় কাদেরুল খান (৩৫) নামে স্থানীয় এক ব্যক্তি আহত হয়েছেন। পুলিশের আঘাতেই তিনি আহত হন বলে দাবি করেছেন তার স্বজনরা।

তবে পুলিশ বলছে, ঘটনার সময় একজন দৌড়ে পালাতে গেলে কাদেরুল লাইট পোস্টে ধাক্কা লেগে আঘাত পান।