তনু হত্যার সুষ্ঠু তদন্তের আশ্বাস মন্ত্রীর
কুমিল্লা সেনানিবাসে সোহাগী জাহান তনু হত্যার ১৭ দিনেও কোনো খুনি শনাক্ত না হওয়া এবং ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়ায় নানা সন্দেহের প্রেক্ষাপটে সুষ্ঠু তদন্তের আশ্বাস দিয়েছেন মন্ত্রী আমির হোসেন আমু।
বৃহস্পতিবার স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে আ্ইন-শৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে সভাপতিত্ব করেন কমিটির সভাপতি শিল্পমন্ত্রী আমু।
কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের এই ছাত্রীর খুনি গ্রেপ্তারের দাবিতে এদিন স্বরাষ্ট্র মন্ত্রণালয় ঘেরাও কর্মসূচি পালন করে বাম ছাত্র সংগঠনগুলো, যারা ২৫ এপ্রিল সারাদেশে আধাবেলা হরতালের ঘোষণাও দিয়েছে।
মন্ত্রিসভা কমিটির বৈঠকের পর সাংবাদিকরা তনু হত্যার বিচার নিয়ে নানা মহলের সংশয় প্রকাশের প্রতিক্রিয়া জানতে চাইলে আমু বলেন, “কিছু কথা উঠায় সুষ্ঠু তদন্তের জন্য সিআইডিকে তদন্ত করতে দেওয়া হয়েছে। এব্যাপারে নিশ্চিত থাকতে পারেন, সুষ্ঠুভাবে তদন্ত হবে।”
তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত না পাওয়া এবং খুনি ধরা না পড়ার দিকে ইঙ্গিত করে সচিবালয়ের কাছে হাই কোর্ট মোড়ে বাম ছাত্র সংগঠনগুলোর সমাবেশে ছাত্র ইউনিয়ন নেতা জি এম জিলানী শুভ সরকারের সমালোচনা করেন।
তিনি বলেন, “তনু হত্যার ঘটনাকে ধামাচাপা দেওয়া তৎপরতা শুরু হয়েছে। ইতোমধ্যে এই হত্যাকাণ্ডের ময়নাতদন্তে দুই ধরনের তথ্য পরিবেশিত হয়েছে।
“খুনিদের গ্রেপ্তার না করে সরকার নতুন নতুন তথ্য পরিবেশন করে একদিকে এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার পাঁয়তারা করেছে। অন্যদিকে তনুর ভাইয়ের বন্ধুকে গুম করা হয়েছে এবং তনু পরিবারকে নানাভাবে চাপ প্রয়োগ করা হচ্ছে।”
আইনশৃঙ্খলা সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভাপতি আমুকে বাঁশখালীতে বিদ্যুৎকেন্দ্রবিরোধী গ্রামবাসীর উপর গুলিবর্ষণে চারজন নিহত হওয়ার বিষয়েও প্রশ্ন করেন সাংবাদিকরা।
আমু বলেন, “এটা সুষ্ঠুভাবে তদন্ত হচ্ছে। এটা কী ইন্টারনাল কারণে হয়েছে, না পুলিশ বা আনসারের গুলিতে হয়েছে, পুলিশের গুলি করার মতো পরিস্থিতি হয়েছিল কি না- তদন্তে সবকিছু বেরিয়ে আসবে।”
গ্রামবাসীদের নামে মামলা দেওয়ার কারণ জানতে চাইলে তিনি বলেন, “যাই হোক, অধিকতর তদন্ত হচ্ছে। এ সবকিছুর ব্যবস্থা নেওয়া হবে।”
মন্ত্রিসভা কমিটির বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খাঁন কামাল, পুলিশের মহাপরিদর্শক, বিজিবির মহাপরিচালক ও র্যাবের মহাপরিচালকও ছিলেন।
কমিটির সদস্য আইনমন্ত্রী আনিসুল হক, বিমানমন্ত্রী রাশেদ খান মেনন, তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু এবং শ্রম প্রতিমন্ত্রী মুজিবুল হক চুন্নু বৈঠকে অংশ নেন।
