২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

জনশক্তি নিতে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে, আশা রাষ্ট্রপতির

বিদেশি শ্রমিক নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা ‘শিগগিরই’ প্রত্যাহার হবে বলে আশা প্রকাশ করেছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 07:23 PM

Updated : 11 Oct 2022, 08:03 PM

মঙ্গলবার বাংলাদেশে নিযুক্ত মালয়েশিয়ার রাষ্ট্রদূত নূর আশিকিন বিনতি মোহাম্মদ তায়িব বঙ্গভবনে তার পরিচয়পত্র দিতে গেলে রাষ্ট্রপতি এ আশা প্রকাশ করেন।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “নতুন রাষ্ট্রদূতকে বঙ্গভবনে স্বাগত জানিয়ে রাষ্ট্রপতি আশা প্রকাশ করেন, তার কর্মকালে দুই দেশের সম্পর্ক আরও সম্প্রসারিত হবে।”

“মালয়েশিয়ায় কর্মরত বাংলাদেশের জনশক্তির কথা উল্লেখ করে রাষ্ট্রপতি বলেন, এর মাধ্যমে তারা দুই দেশের অর্থনৈতিক উন্নয়নে ইতিবাচক অবদান রাখছে। এসময় তিনি আরও আশা প্রকাশ করেন, সহসাই জনশক্তি নেওয়ার ক্ষেত্রে মালয়েশিয়ার নিষেধাজ্ঞা প্রত্যাহার হবে এবং চুক্তি অনুযায়ী বাংলাদেশ জনশক্তি পাঠাতে সক্ষম হবে।”

গত মাসে বিদেশ থেকে শ্রমিক নেওয়া পুরোপুরি বন্ধের ঘোষণা দেয় মালয়েশিয়া। এর আগে ১৮ ফেব্রুয়ারি বাংলাদেশ থেকে ১৫ লাখ শ্রমিক নিতে সমঝোতা স্মারকে সই করার পরদিন বিদেশি শ্রমিক নেওয়া স্থগিত করে মালয়শিয়া সরকার।

প্রেস সচিব বলেন, “রাষ্ট্রপতি দুই দেশের বিদ্যমান বাণিজ্য-বিনিয়োগ সম্পর্কের ব্যাপারে সন্তোষ প্রকাশ করে বলেন, মালয়েশিয়ার বিনিয়োগকারীরা বাংলাদেশের টেক্সটাইল, কেমিক্যাল, বিদ্যুৎ, অবকাঠামোসহ বিভিন্ন খাতে বিনিয়োগ করতে পারে।”

নতুন দূত রাষ্ট্রপতিকে বলেন, তার দেশ বাংলাদেশের সঙ্গে সম্পর্ককে সবসময় গুরুত্ব দেয়। তিনি বাংলাদেশে মালয়েশিয়ার বিনিয়োগ বৃদ্ধিতে সর্বাত্মক প্রচেষ্টা চালাবেন বলেও উল্লেখ করেন।

বাংলাদেশে তার কর্মকালে রাষ্ট্রপতির সার্বিক সহযোগিতা চান নতুন দূত।

রাশিয়ার রাষ্ট্রদূতের পরিচয়পত্র পেশ

পরে বাংলাদেশে নিযুক্ত রাশিয়ার নতুন রাষ্ট্রদূত আলেক্সজান্ডার আই ইগনাতোভ রাষ্ট্রপতির কাছে পরিচয়পত্র পেশ করেন।

প্রেস সচিব বলেন, “রাশিয়ার নতুন রাষ্ট্রদূত বাংলাদেশের অবকাঠামোসহ বিভিন্ন খাতে উন্নয়নের প্রশংসা করেন। তিনি বলেন, বাংলাদেশের সঙ্গে তার দেশের সম্পর্ক ক্রমান্বয়ে বৃদ্ধি পাচ্ছে এবং বাণিজ্য-বিনিয়োগ ক্ষেত্রেও তা সম্প্রসারিত হচ্ছে।”

দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও সম্প্রসারণে রাশিয়ার রাষ্ট্রদূত সর্বাত্মক প্রয়াস অব্যাহত রাখবেন বলেও রাষ্ট্রপতিকে জানান।

“রাশিয়ার সঙ্গে যৌথভাবে নিমির্তব্য রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের কথা উল্লেখ করে রাষ্ট্রদূত বলেন, ওই বিদ্যুৎকেন্দ্রে সম্পূর্ণ আধুনিক ও নিরাপদক প্রযুক্তি সরবরাহ করা হবে,” বলেন প্রেস সচিব।

এর আগে রাষ্ট্রপতি নতুন রাষ্ট্রদূতকে স্বাগত জানিয়ে বলেন, রাশিয়া বাংলাদেশের বন্ধু দেশ এবং গুরুত্বপূর্ণ উন্নয়ন অংশীদার।

তিনি এ সময় ১৯৭১ সালে মুক্তিযুদ্ধ এবং পরবর্তীতে বাংলাদেশের অর্থনৈতিক পুনর্গঠনে রাশিয়ার সহযোগিতার কথা কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করেন।

রাষ্ট্রপতি বাংলাদেশের বিদ্যুৎ-জ্বালানিসহ বিভিন্ন খাতে বিনিয়োগের জন্য রাশিয়ার বিনিয়োগকারীদের আহ্বান জানান।