তনু হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি
কুমিল্লার কলেজছাত্রী সোহাগী জাহান তনু হত্যার দ্রুত বিচার চেয়ে স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দিয়েছেন সংস্কৃতিকর্মীরা।
স্মারকলিপি দেওয়ার আগে মঙ্গলবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসিতে সমাবেশ করেন সংস্কৃতিকর্মীরা। এরপর তারা মিছিল নিয়ে সচিবালয় অভিমুখে রওনা হলে দোয়েল চত্বরে পুলিশ তাদের আটকে দেয়।
তখন সম্মিলিত সাংস্কৃতিক জোটের সভাপতি গোলাম কুদ্দুছের নেতৃত্বে আট সদস্যের একটি প্রতিনিধি দল স্মারকলিপি নিয়ে সচিবালয়ে যায়।
কুমিল্লা সেনানিবাসে এই হত্যাকাণ্ডে জড়িতদের ১৬ দিনেও শনাক্ত ও গ্রেপ্তার করতে পুলিশি ব্যর্থতার সমালোচনা করে সরকারকে উদ্যোগী হওয়ার আহ্বান জানানো হয় স্মারকলিপিতে।
এতে বলা হয়, “তদন্তে এই ঘটনার দৃশ্যমান কোনো অগ্রগতি পরিলক্ষিত হচ্ছে না, উপরন্তু গণমাধ্যম ও সামাজিক যোগাযোগ মাধ্যমে নানা ধরনের বক্তব্য উপস্থাপিত হওয়ায় জনমনে বিভ্রান্তি তৈরি হচ্ছে। একই সঙ্গে বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে শিশু ও নারী নির্যাতনের ঘটনায় দেশবাসীর মধ্যে শঙ্কা তৈরি করছে।”
সমাবেশে তনুর ঘটনায় যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিতে প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান জোটের সাবেক আহ্বায়ক নাসিরউদ্দিন ইউসুফ বাচ্চু।
“তনু হত্যার পর বিভিন্ন রকম টালবাহানা ও লুকোচুরি সমাজ ও জাতিকে বিভ্রান্ত করছে। প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানাব, বঙ্গবন্ধুকন্যা এই বিষয়ে দ্রুত কোনো পদক্ষেপ নিন। এই ধরনের বিভ্রান্তি দূর করতে যথাযথ কর্তৃপক্ষকে নির্দেশনা দিন।”
তনু হত্যাকাণ্ডের পর জনমনে বিশেষ করে নারীদের মধ্যে এক ধরনের ভীত-সন্ত্রস্ত অবস্থা তৈরি হয়েছে বলে মনে করেন এই নাট্য নির্দেশক।
“স্কুল-কলেজ থেকে শুরু করে মার্কেট, সব জায়গায় নারীদের উপস্থিতি কমে যাচ্ছে। তারা ঘর থেকে বের হতে ভয় পাচ্ছে। এটা আশঙ্কাজনক।”
তনুর প্রথম ময়নাতদন্তে ধর্ষণের আলামত নেই বলে চিকিৎসকদের দেওয়া প্রতিবেদন প্রশ্ন তোলেন নাসিরউদ্দিন ইউসুফ।
“এখন প্রশ্ন উঠেছে, তাহলে কি ধর্ষণের আলামতগুলো সরিয়ে ফেলা হয়েছে?”
স্বরাষ্ট্রমন্ত্রী কিংবা আইজিপিকে সংবাদ সম্মেলন করে তনুর ঘটনায় সৃষ্ট বিভ্রান্তি দূর করতে এবং তদন্তের অগ্রগতি জানাতে আহ্বান জানান জোটের সভাপতি গোলাম কুদ্দুছ।
জোটের সাধারণ সম্পাদক হাসান আরিফ সমাবেশ পরিচালনা করেন।
