২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

শাহজালালে দেড় কেজি সোনাসহ আটক ১

হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে দেড় কেজি সোনাসহ একজনকে আটক করেছে বিমানবন্দরের শুল্ক বিভাগের কর্মকর্তারা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 05 Apr 2016, 12:30 AM

Updated : 20 Aug 2022, 12:22 PM

আটক এমএইচ শিবলী (৪১) এর বিস্তারিত পরিচয় তাৎক্ষণিকভাবে জানা যায়নি।

শুল্ক বিভাগের সহকারী কমিশনার শহীদুজ্জামান সরকার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, মঙ্গলবার রাত সাড়ে ৯টার দিকে সিঙ্গাপুর থেকে টিআর ২৬৫৬ ফ্লাইটে ঢাকায় আসেন শিবলী।

গ্রিন চ্যানেল এলাকা পার হওয়ার সময় ঢাকা কাস্টমস হাউসের কর্মকর্তারা তার গতিবিধি সন্দেহজনক মনে করলে জিজ্ঞাসাবাদ ও তল্লাশি করেন।

এসময় তার জুতার ভেতর ১৫টি সোনার বার পাওয়া যায়, যার প্রত্যেকটির ওজন একশ গ্রাম। তাছাড়া তার থেকে ১৬টি সোনার চেইনও উদ্ধার করা হয় বলে জানান এই শুল্ক কর্মকর্তা।

চেইনগুলোসহ উদ্ধার সোনার আনুমানিক বাজারমূল্য ৭৫ লাখ টাকার কিছু বেশি বলে জানান তিনি।