জনগণের টাকাতেই বেতন-ভাতা হয়: কর্মকর্তাদের প্রধানমন্ত্রী
জনগণের অর্থ থেকেই বেতন-ভাতা আসে- এ বিষয়টি মনে রেখে সততার সঙ্গে দায়িত্ব পালন করে মানুষের ‘আস্থা-বিশ্বাস’ অর্জন করতে সরকারি কর্মকর্তাদের প্রতি আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
বৃহস্পতিবার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের ৬০তম বুনিয়াদি প্রশিক্ষণ কোর্সের সমাপনী অনুষ্ঠানে বক্তব্যে একথা বলেন তিনি।
প্রধানমন্ত্রী বলেন, “জনগণের সেবক হিসেবে দ্বায়িত্ব পালন করতে হবে। জনগণের সেবা করতে হবে। কারণ ওই জনগণের অর্থেই কিন্তু বেতন-ভাতা সব কিছু আসে।”
“সাধারণ মানুষকে অবহেলা করা চলবে না। তারা যেন সব সময় সেবা পায়,” নবীন কর্মকর্তাদের উদ্দেশ্যে বলেন সরকার প্রধান।
“সবচেয়ে বড় যে জিনিসটা কর্মক্ষেত্রে সেটা হল- জনগণের আস্থা, বিশ্বাস অর্জন।”
দ্রুত গতিতে কাজ শেষ করারও নির্দেশ দেন প্রধানমন্ত্রী: “এটাই আমি অনুরোধ করবো যে, আমলাতান্ত্রিক জটিলতায় পড়ে যেন আমাদের কাজগুলির ধীরগতি না হয়।”
কর্মকর্তাদের উদ্দেশ্যে তিনি বলেন, “আইনের শাসন প্রতিষ্ঠা করতে হবে। কারণ আইনের শাসন ছাড়া কোনো উন্নয়ন- অগ্রগতি হয় না।”
দেশের উন্নয়নে সরকার যে সব কর্মসূচি হাতে নিয়েছে সেগুলোর ‘দ্রুত’ বাস্তবায়ন এবং অর্থনৈতিক উন্নয়ন ত্বরান্বিত করতে কাজ করারও আহ্বান জানান তিনি।
সামাজিক নিরাপত্তা নিশ্চিত ও দুর্নীতি প্রতিরোধে এগিয়ে আসার আহ্বান জানিয়ে শেখ হাসিনা বলেন, “আমি দুর্নীতি করবো না, কাউকে করতে দেব না- এই চিন্তা নিয়েই কাজ করতে হবে।”
“বিজয়ী জাতি হিসেবে ভিক্ষা করে নয়, নিজের সম্পদ দিয়ে নিজেরাই দেশকে গড়ে তুলব,” বলেন তিনি।
স্বাধীনতা যুদ্ধে অনেক সরকারি কর্মকর্তার আত্মত্যাগের কথা উল্লেখ করে তাদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী।
শেখ হাসিনা বলেন, “স্বাধীন বাংলাদেশে একটি ‘জনমুখী ও দক্ষ’ প্রশাসন গড়ে তোলার উদ্যোগ নিয়েছিলেন বঙ্গবন্ধু। কিন্তু জাতির জনককে হত্যা করে সংবিধান লংঘন করে অবৈধভাবে ক্ষমতা দখলকারীরা দেশের গণমুখী সব প্রতিষ্ঠানকে ধ্বংস করে দেয়। এরপর শাসক গোষ্ঠীর অনুগত একটি গোষ্ঠী গড়ে তোলা হয়।
“এ সময় দেশের অগ্রযাত্রা থেমে যায়। মুষ্ঠিমেয় গোষ্ঠী ছাড়া কেউ এগোতে পারেনি।”
বিশ্বের সঙ্গে ‘তাল মিলিয়ে’ চলার জন্য সরকারি কর্মকর্তাদের প্রশিক্ষণ ও প্রযুক্তি ব্যবহারের ওপর গুরুত্ব দেন প্রধানমন্ত্রী।
সরকারের পক্ষ থেকে দেশে-বিদেশে প্রশিক্ষণের ব্যবস্থা করা হচ্ছে জানিয়ে বাংলাদেশ লোক প্রশাসন প্রশিক্ষণ কেন্দ্রের অবকাঠামো সুবিধা আরও বাড়ানোরও নির্দেশ দেন তিনি।
অনুষ্ঠানে অন্যদের মধ্যে অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত, জনপ্রশাসনমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, প্রতিমন্ত্রী ইসমত আরা সাদেক, জনপ্রশাসনের জ্যেষ্ঠ সচিব কামাল আবদুল নাসের চৌধুরী উপস্থিত ছিলেন।
