হজের প্রাক-নিবন্ধন: ৭ দিনেই শেষ বেসরকারি কোটা
হজের প্রাক-নিবন্ধন শুরুর সাত দিনের মধ্যেই বেসরকারি হজযাত্রীর কোটা পূরণ হয়েছে। তবে কোটা পূরণ না হওয়ায় সরকারি ব্যবস্থাপনায় প্রাক-নিবন্ধন চলছে।
ধর্ম মন্ত্রণালয়ের জনসংযোগ কর্মকর্তা আনোয়ার হোসাইন বুধবার সন্ধ্যায় বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “কোটা পূরণ হওয়ায় বেসরকারি ব্যবস্থাপনায় হজের প্রাক-নিবন্ধন কার্যক্রম বন্ধ থাকলেও সরকারি ব্যবস্থাপনার নিবন্ধন চলছে।”
ধর্মমন্ত্রী মতিউর রহমান গত ২০ মার্চ ‘হজ ই-সার্ভিসের’ আওতায় প্রাক-নিবন্ধন কার্যক্রমের উদ্বোধন করলেও হজ এজেন্সির সঙ্গে কিছু চুক্তির আনুষ্ঠানিকতা বাকি থাকায় ২৩ মার্চ থেকে পুরোদমে প্রাক-নিবন্ধন শুরু হয়। ৩০ মে পর্যন্ত এই নিবন্ধন কার্যক্রম চলার কথা রয়েছে।
সৌদি আরবের সঙ্গে চুক্তি অনুযায়ী, এবার বাংলাদেশ থেকে সরকারি ব্যবস্থাপনায় ১০ হাজার এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৯১ হাজার ৭৫৮ জন হজে যেতে পারবেন।
ধর্ম মন্ত্রণালয়ের তথ্যানুযায়ী, ২৯ মার্চ রাত ৮টা পর্যন্ত বেসরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ৮৮ হাজার ২০৪ জন এবং সরকারি ব্যবস্থাপনায় ৬১৮ জন প্রাক-নিবন্ধন করেছেন।
আর সরকারি ব্যবস্থাপনায় হজে যেতে ১ হাজার ৪১০ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় ১ লাখ ১১ হাজার ২৯৫ জন ডাটা এন্ট্রি করেছেন; যা মোট কোটা থেকে ১০ হাজার ৯৪৭ জন বেশি।
জাতীয় পরিচয়পত্র সার্ভার (এনআইডি) থেকে তথ্য যাচাইয়ের পরই প্রাক-নিবন্ধনের জন্য ডাটা এট্রির সুযোগ পাচ্ছেন হজে যেতে ইচ্ছুকরা। এরপর ব্যাংকে টাকা জমা দিয়ে হজের প্রাক-নিবন্ধন করতে পারছেন তারা।
জনসংযোগ কর্মকর্তা আনোয়ার বলেন, কোটা অনুযায়ী এক লাখ এক হাজার ৭৫৮ জনই হজের প্রাক-নিবন্ধনের সুযোগ পাবেন।
“ডাটা এন্ট্রি করেও যারা এবার প্রাক-নিবন্ধন করতে পারবেন না, তারা পরের বছরের শুরুতেই প্রাক-নিবন্ধনের সুযোগ পাবেন।”
প্রাক-নিবন্ধনকরা বেসরকারি হজযাত্রীদের পরবর্তী কার্যক্রমের নির্দেশনা দিয়ে শিগগিরই সবাইকে অবগত করা হবে বলেও জানান আনোয়ার।
সরকারি ব্যবস্থাপনায় যারা হজে যাবেন তাদের ৩০ হাজার টাকা এবং বেসরকারি ব্যবস্থাপনায় হজে যাওয়ার জন্য ৩০ হাজার ৭৫২ টাকা ব্যাংকে জমা দিয়ে প্রাক-নিবন্ধন করতে হচ্ছে।
মন্ত্রণালয়ের কর্মকর্তারা জানিয়েছেন, হজে যেতে ইচ্ছুক ১ লাখ ৩০ হাজার ৩১৫ জনের ‘সফলভাবে’ এনআইডি থেকে তথ্য যাচাই হয়েছে। এরমধ্যে বেসরকারি ব্যবস্থাপনার ১ লাখ ১১ হাজার ২৯৫ জন এবং সরকারি ব্যবস্থাপনার ১ হাজার ৪১০ জন।
মন্ত্রিসভা গত ১১ জানুয়ারি যে হজ প্যাকেজ অনুমোদন করেছে, তাতে এবার সরকারি ব্যবস্থাপনায় কোরবানিসহ প্যাকেজে ৩ লাখ ৬০ হাজার ২৮ টাকা এবং কোরবানি ছাড়া প্যাকেজে ৩ লাখ ৪ হাজার ৯০৩ টাকা খরচ হবে।
আর বেসরকারি ব্যবস্থাপনায় মৌলিক খরচ ধরা হয়েছে ১ লাখ ৫৫ হাজার ৪৪১ টাকা। এর সঙ্গে খাওয়া-বাড়ি ভাড়া যোগ করে এজেন্টার প্যাকেজ ঠিক করবে।
চাঁদ দেখা সাপেক্ষে আগামী ১২ সেপ্টেম্বর (৯ জিলহজ) হজ হওয়ার কথা রয়েছে।
