সাতকড়ায় প্রধানমন্ত্রীকে অর্থমন্ত্রীর আপ্যায়ন
মন্ত্রিসভা বৈঠকের পর সোমবার প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সহকর্মীদের মধ্যাহ্নভোজে আপ্যায়িত করেছেন এবারের স্বাধীনতা পুরস্কার পাওয়া অর্থমন্ত্রী আবুল মাল আবদুল মুহিত।
অর্থ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, স্বাধীনতা যুদ্ধে অবদানের কাঙ্ক্ষিত স্বীকৃতিতে মন্ত্রী দারুণ খুশি।
মন্ত্রীর আরও আনন্দের কারণ দাদা হওয়া। ২৫ জানুয়ারি ৮৩তম বর্ষপূতিতে সহকর্মীরা অনেকেই মন্ত্রীর কাছে খেতে চেয়েছিলেন।
ওই কর্মকর্তা বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “২৫ জানুয়ারি ছিল স্যারের জন্মদিন। ১ ফেব্রুয়ারি স্যারের বড় ছেলে শাহেদ মুহিত কন্যা সন্তানের বাবা হয়েছে; দাদা হয়েছেন স্যার।
“সর্বশেষ এবার স্বাধীনতা পুরস্কার পেয়েছেন স্যার। ২৪ মার্চ প্রধানমন্ত্রীর হাত থেকে এই পুরস্কার নিয়েছেন।”
মন্ত্রিসভার বৈঠকে উপস্থিত সবাইকে দুপুরের খাবার খাওয়ানোর পর বিক্রমপুর থেকে আনানো মিষ্টি দিয়ে আপ্যায়ন করেন মন্ত্রী।
সোমবার সচিবালয়ে মন্ত্রিপরিষদ বিভাগে বেলা ১১টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক শুরু হয়।
দুপুর দেড়টার দিকে সভা শেষ হওয়ার সঙ্গে সঙ্গে খাবার পরিবেশন করা হয়। ঢাকা ক্লাব থেকে সরবরাহ করা খবারের সঙ্গে বাসায় তৈরি সিলেটের ঐতিহ্যবাহী সাতকড়া দিয়ে খাসির মাংস পরিবেশন করা হয়।
অর্থমন্ত্রীর স্ত্রী সাবিয়া মুহিত হেয়ার রোডের বাসায় নিজের তত্ত্বাবধানে এই মাংস তৈরি করেছেন বলে জানান অর্থমন্ত্রণালয়ের ওই কর্মকর্তা।
মুহিতের তিন সন্তানের মধ্যে বড় ছেলে সাহেদ মুহিতের মেয়ের নাম রাখা হয়েছে সোফিয়া মুহিত।
ছোট ছেলে সামির মুহিত যুক্তরাষ্ট্র থাকেন। তার এক ছেলে ও এক মেয়ে।
মন্ত্রীর একমাত্র কন্যা সন্তান সামিনা মুহিত দেশেই থাকেন। বাবাকে চোখের আড়াল হতে দেন না সবার বড় মেয়ে সামিনা।
