২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

চোখ তোলার চেষ্টার মামলায় সেই গৃহবধূর জবানবন্দি

যৌতুক দাবিতে বেদম প্রহার ও চোখ উৎপাটন চেষ্টার মামলায় আদালতে জবানবন্দি দিয়েছেন শিকদার মেডিকেল কলেজের শেষ বর্ষের সেই ছাত্রী।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 08:36 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সোমবার ঢাকার মহানগর হাকিম স্নিগ্ধা রানী চক্রবর্তীর কাছে তিনি তার উপর দেবর, ননদ ও ননদের স্বামীর অত্যাচারের কথা তুলে ধরেন বলে জানান সংশ্লিষ্ট আদালতের পুলিশের সাধারণ নিবন্ধন কর্মকর্তা পার্থ চট্টোপাধ্যায়।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, গত বৃহস্পতিবার রাজধানীর যাত্রাবাড়ি থানায় ননদ জান্নাতুল ফেরদৌস ঝর্ণা, দেবর রুবাইয়াত নাসের লাভলু, ননদের স্বামী আব্দুল মান্নান এবং স্বামী মাসুদুর রহমান জিলানীর বিরুদ্ধে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেন ওই ছাত্রীর বাবা।

এজাহারে বলা হয়, ২০০৬ সালের ২৫ সেপ্টেম্বর তার মেয়ের সঙ্গে দনিয়ার জিলানীর বিয়ে হয়। জিলানী এখন ইতালী। বিয়ের সময় জামাইকে প্রায় ১৩ লাখ ৫০ হাজার টাকার সোনার গহনা ও দুই লাখ টাকার আসবাবপত্রসহ অন্য মালামাল উপহার দেওয়া হয়।

কিন্তু এতে খুশি না হয়ে বিয়ের পর থেকেই যৌতুকের দাবিতে বিভিন্নভাবে তাকে নির্যাতন করতে থাকে। এর ধারাবাহিকতায় গত ২৪ মার্চ সকালে বাদীকে ডেকে তার সামনে মেয়েটির স্বামী ছাড়া অন্য আসামিরা ৫ লাখ টাকা যৌতুক দাবি করে।

এ নিয়ে কথা কাটাকাটির একপর্যায়ে মেয়েটিকে বেদম প্রহার করে তার চোখে আঙ্গুল ঢুকিয়ে দেওয়ার চেষ্টা করে আসামি ঝর্ণা। এ সময় বাদী আসামিদের থামাতে গেলে তাকেও বেদম পেটানো হয়।

পুলিশ কর্মকর্তা পার্থ চট্টোপাধ্যায় জানান, এ ঘটনায় গত বৃহস্পতিবার রাতে মামলার পর তাদের গ্রেপ্তার করে শুক্রবার ঢাকার মুখ্য মহানগর হাকিমের আদালতে পাঠানো হয়। শুনানি শেষে তাদের কারাগারে পাঠানোর নির্দেশ দেয় আদালত।

সেদিন মামলায় দেবর, ননদ ও ননদের স্বামীর জামিন আবেদন শুনানির জন্য রোববার দিন রাখা হয়। রোববার জামিন বিষয়ে দুপক্ষের শুনানি নিয়ে ঢাকার মহানগর হাকিম মেহের নিগার সূচনা তাদের জামিন আবেদন নাকচ করেন।

বাদীপক্ষ থেকে শুনানির সময় মেয়েটির ওপর নির্যাতনের আলোকচিত্র দেখানো হয়। বাদীও তার উপর শারীরিক নির্যাতনের চিহ্ন দেখান।

সোমবার মহানগর হাকিমের খাসকামরায় চোখে ব্যান্ডেজ বাঁধা অবস্থায় জবানবন্দি দেন মেয়েটি। 

মামলার তদন্ত কর্মকর্তা যাত্রাবাড়ি থানার এসআই জাহাঙ্গীর আলম বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে জানান, আগামী ১৮ এপ্রিল মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের দিন রয়েছে।