২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকা ও রাজশাহীতে নতুন বিভাগীয় কমিশনার

রাজশাহী বিভাগীয় কমিশনার হেলাল উদ্দিন আহমেদকে ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্ব দিয়েছে সরকার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 07:43 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

আর পরিবেশ ও বন মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. আবদুল হান্নানকে রাজশাহী বিভাগীয় কমিশনার নিয়োগ দিয়ে সোমবার আদেশ জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

ঢাকা বিভাগীয় কমিশনারের দায়িত্ব চালিয়ে আসা মো. জিল্লার রহমানকে গত ১৪ মার্চ ভারপ্রাপ্ত সচিব পদমর্যাদায় প্রাইভেটাইজেশন কমিশনের ভারপ্রাপ্ত সদস্য করা হয়।

জিল্লার রহমানের স্থলাভিষিক্ত হেলাল উদ্দিনের বাড়ি কক্সবাজার।

এর আগে তিনি ফরিদুপরের জেলা প্রশাসক এবং বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডের (বোয়েসেল) ব্যবস্থাপনা পরিচালকের দায়িত্বে ছিলেন।

রাজশাহী বিভাগীয় কমিশনারের দায়িত্ব পাওয়া আব্দুল হান্নান ১৯৮৫ বিসিএস ব্যাচের প্রশাসন ক্যাডারের কর্মকর্তা। তার বাড়ি খুলনায়।

পরিবেশ ও বন মন্ত্রণালয়ে যোগ দেওয়ার আগে তিনি বাংলাদেশ ওভারসিস এমপ্লয়মেন্ট অ্যান্ড সার্ভিসেস লিমিটেডে (বোয়েসেল) অতিরিক্ত সচিবের দায়িত্বে ছিলেন।

বিভাগীয় কমিশনারের যোগ্যতা যুগ্ম-সচিব হলেও এর এক ধাপ উপরের কর্মকর্তা অতিরিক্ত সচিবদেরই এই পদে পদায়ন করে আসছে সরকার।

কোনো বিভাগের অধীন সব জেলার জেলা প্রশাসকদের (ডিসি) কাজ তদারক, পর্যবেক্ষণ ও নিয়ন্ত্রণ করা বিভাগীয় কমিশনারের দায়িত্ব।

এছাড়া বিভাগীয় কমিশনারের তত্ত্বাবধানেই কেন্দ্রীয় প্রশাসনের বিভিন্ন কর্মকাণ্ড মাঠ পর্যায় বাস্তবায়ন করা হয়।