২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইন-শৃঙ্খলা বাহিনীর কাছেই আছে তপু, দাবি পরিবারের

দুই মাস ধরে নিখোঁজ রামপুরা থানা ছাত্রলীগের সাবেক সভাপতি মোয়াজ্জেম হোসেন তপু আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে এমন দাবি তুলে তাকে ফিরে পেতে প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপ চেয়েছে পরিবার।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 06:40 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

সোমবার ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে সংবাদ সম্মেলনে তপুর মা সালেহা বেগম বলেন, “তপু আইন-শৃঙ্খলা বাহিনীর হেফাজতে রয়েছে। যদি তা নাই হতো, তাহলে দুই মাসেও একজন অভিযুক্তকে কেন গ্রেপ্তার করা হয় না।

“আমি মাননীয় প্রধানমন্ত্রী ও স্বরাষ্ট্রমন্ত্রীর হস্তক্ষেপের মাধমে আমার ছেলেকে উদ্ধারে সহযোগিতা চাচ্ছি।”

তপুর বড় ভাই এসএম মাইনুল হোসেন, বড় বোন রওশন আরা, শামীমা আক্তার ও দুই মামা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন।

পরিবারের অভিযোগ, গত ২৬ জানুয়ারি রাত ১১টার দিকে ভাটারা থানাধীন বসুন্ধরা আবাসিক এলাকার অ্যাপোলো হাসপাতালসংলগ্ন একটি ফ্ল্যাট থেকে আইন-শৃঙ্খলা বাহিনীর পরিচয়ে তিন ব্যক্তি তপুকে তুলে নেয়।

এ ঘটনায় ছেলেকে অপহরণের অভিযোগে সালেহা বেগম গত ১ ফেব্রুয়ারি ভাটারা থানায় একটি মামলা করেন। এতে আসামি করা হয় ইমন, তাজুল, শিবলু, তানিম, রইস উদ্দিন রইস, অর্নব, জুয়েল ও নিশি নামে আটজনকে।

অর্ণবের বাড়ি থেকেই তপুকে তুলে নেওয়া হয়েছিল বলে পরিবারের দাবি। অর্ণব গুলশান থানা ছাত্রলীগের সহ সভাপতি।

এজাহারে বলা হয়,  ২৬ জানুয়ারি তপু চাঁদপুর থেকে ফিরে তাজুলের সঙ্গে অর্ণবের বাসায় যান। রাত ১০টার দিকে তাজুল বেরিয়ে যাওয়ার পরই তিনজন লোক ডিবি পরিচয়ে তপুকে তুলে নিয়ে যায়।

ইমন ওই খবর তপুর ভাই মইনুলকে জানিয়েছিলেন বলে এজাহারে লেখা হয়েছে।

অবশ্য অর্ণব দাবি করেছিলেন, ওই রাতে তিনি বাসাতেই ছিলেন না।

তপুর বিষয়ে জানতে চাইলে ভাটারা থানার ওসি নুরুল মুত্তাকিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “তপুর সন্ধানে পুলিশ কাজ করছে।মামলার এজাহারভুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টাও চলছে।”

সালেহা বেগমের অভিযোগের বিষয়ে ঢাকা মহানগর পুলিশের উপ-কমিশনার (মিডিয়া) মারুফ হোসেন বলেন, “ তপুকে গোয়েন্দা পুলিশ গ্রেপ্তার করেছে এমন তথ্য আমাদের হাতে নেই।”

পুরনো খবর:

একমাসেও খোঁজ মেলেনি রামপুরার ছাত্রলীগ নেতা তপুর
ডিবি পরিচয়ে তুলে নেওয়া ছাত্রলীগ নেতার সন্ধান দাবি পরিবারের