৪৮ ঘণ্টায় তনুর খুনিদের গ্রেপ্তার চায় ছাত্র ইউনিয়ন
কুমিল্লা ভিক্টোরিয়ার কলেজের ছাত্রী সোহাগী জাহান তনুর হত্যাকারীদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছে ছাত্র ইউনিয়ন।
সোমবার দুপুরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে এক সংবাদ সম্মেলনে সংগঠনের সাধারণ সম্পাদক জিএম জিলানী শুভ বলেন, “আমরা সরকারের কাছে তনু হত্যাকাণ্ডে জড়িতদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেপ্তার করার দাবি জানাচ্ছি।”
লিখিত বক্তব্যে তিনি বলেন, “আজ সমগ্র দেশ নারী ও শিশুদের জন্য মৃত্যুকুপে পরিণত হয়েছে।..... এর মধ্যে ক্ষমতার রদবদল হয়েছে তিনবার কিন্তু দেশের প্রেক্ষাপট বদলায়নি। বাংলাদেশ হয়েছে ধর্ষণের রঙ্গমঞ্চ।”
ছাত্র ইউনিয়নের তনু হত্যাকাণ্ডসহ সব নারী ও শিশু হত্যা-নির্যাতনে জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবিতে এই সংবাদ সম্মেলন করা হয়।
বিচারহীনতার কারণেই বাংলাদেশ ধর্ষণসহ যৌন নির্যাতনের এক উপদ্রুত জনপদে পরিণত হয়েছে মন্তব্য করে শুভ বলেন, “বিচারহীনতার সংস্কৃতির মূলে ‘পাল্টা আঘাত’ করে রাষ্ট্রকে সকলের জন্য নিরাপদ ও বাসযোগ্য করার জন্য ছাত্র সমাজ ও জনগণের বৃহৎ ঐক্যবদ্ধ আন্দোলনের আহ্বান জানাই।”
তনু হত্যার বিচারের দাবিতে মঙ্গলবার বিকাল ৪টায় বিশ্ববিদ্যালয়ের রাজু ভাস্কর্যে প্রতিবাদ সমাবেশ ও সন্ধ্যা ৬টায় মশাল মিছিলের কর্মসূচি ঘোষণা করা হয় এ সময়।
এছাড়া নারী ও শিশু হত্যার প্রেক্ষিতে প্রধানমন্ত্রীর নির্লিপ্ততার কারণ জানতে বৃহস্পতিবার সকাল ১১টায় রাজু ভাস্কর্য প্রধানমন্ত্রীর কার্যালয় অভিমুখে অভিযাত্রারও ঘোষণা দেওয়া সংবাদ সম্মেলনে।
অঅগামী দুই দিনের মধ্যে দাবি বাস্তবায়নে দৃশ্যমান অগ্রগতি না হলে ৪ এপ্রিল সব শিক্ষা প্রতিষ্ঠানে সর্বাত্নক ছাত্র ধর্মঘট পালন করা হবে বলে জানানো হয়।
সংগঠনের সভাপতি লাকী আক্তারের সভাপতিত্বে সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ সম্পাদক তুহিন কান্তি দাশ ও মহানগর আহ্বায়ক সুমন সেনগুপ্ত।
