২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ঢাকায় নির্মাণাধীন ভবনের রড পড়ে শিশুর মৃত্যু

রাজধানীর মগবাজারের মীরবাগে নির্মাণাধীন একটি ভবনের উপর থেকে পড়া রডের আঘাতে চার বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 28 Mar 2016, 04:42 PM

Updated : 20 Aug 2022, 12:18 PM

নিহত শিশুটির নাম রিয়া মনি। তার বাবা এরশাদ হোসেন ওই এলাকার একটি বাড়ির তত্ত্বাবধায়ক।

সোমবার দুপুরে মীরবাগ নতুন রাস্তায় এই ঘটনা ঘটে বলে স্থানীয়রা জানিয়েছে।

রিয়ার মামা সাদ্দাম হোসেন সাংবাদিকদের বলেন, “নতুন রাস্তার টিনশেড বাসা থেকে পাশের দোকানে যাওয়ার সময় নির্মাণাধীন ছয়তলা ভবনের উপর থেকে একটি রড রিয়ার মাথায় পড়ে।”

গুরুতর আহত রিয়াকে প্রথমে স্থানীয় একটি হাসপাতালে নেওয়া হয়। সেখান থেকে তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়। সেখানে বেলা পৌনে ৩টার দিকে শিশুটির মৃত্যু হয়।

এক ভাই এক বোনের মধ্যে রিয়া ছিল ছোট।

রমনা থানার ওসি মো. মশিউর রহমান বলেন, “স্টার সিটি ডেভেলপার নামে একটি কোম্পানি ওই ভবনটি তৈরি করছিল। ওই নির্মাণাধীন ভবন থেকে কয়েকজন শ্রমিককে থানায় এনে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।”

ঢাকায় বিভিন্ন স্থানে যথাযথ প্রতিরক্ষামূলক ব্যবস্থা না রেখেই ভবন নির্মাণের কাজ চলে। এই ভবনটিতে তা ছিল কি না, তা তাৎক্ষণিকভাবে জানা যায়নি।