নিজামীর রিভিউ আবেদন মঙ্গলবার
যুদ্ধাপরাধী জামায়াত আমির মতিউর রহমান নিজামী তার মৃত্যুদণ্ড বহাল রেখে আপিল বিভাগের দেওয়া রায় পুনর্বিবেচনার জন্য আবেদন করবেন মঙ্গলবার।
তার ছেলে ব্যারিস্টার নাজীব মোমেন সোমবার বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমাদের প্রস্তুতি নেওয়া হয়েছে। কাল রিভিউ পিটিশন ফাইল করব।”
নিয়ম অনুযায়ী রায় প্রকাশের পর ১৫ দিনের মধ্যে রিভিউ আবেদন করার সুযোগ দেওয়া হয় আসামিকে। সে হিসাবে ৩১ মার্চ পর্যন্ত সময় থাকলেও তার আগেই এ আবেদন জমা দেওয়া হচ্ছে বলে জানান নিজামীর ছেলে।
বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধের সময় পাবনায় হত্যা, ধর্ষণ এবং বুদ্ধিজীবী গণহত্যার দায়ে ২০১৪ সালের ২৯ অক্টোবর নিজামীকে ফাঁসিতে ঝুলিয়ে মৃত্যুদণ্ডের রায় দেয় আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল। চলতি বছর ৬ জানুয়ারি আপিল আংশিক মঞ্জুর করে সেই ফাঁসির রায়ই বহাল রাখে সর্বোচ্চ আদালত।
জামায়াত আমির নিজামী একাত্তরে ছিলেন দলটির ছাত্র সংগঠন ইসলামী ছাত্রসংঘের নাজিমে আলা বা সভাপতি এবং সেই সূত্রে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত আল বদর বাহিনীর প্রধান।
স্বাধীনতাকামী বাঙালির ওপর দমন-পীড়ন চালাতে পাকিস্তানি বাহিনীকে সহযোগিতার জন্য গঠিত রাজাকার বাহিনী ও শান্তি কমিটিতেও তার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল বলে এ মামলার বিচারে উঠে আসে।
সুপ্রিম কোর্ট গত ১৫ মার্চ নিজামীর আপিলের রায়ের পূর্ণাঙ্গ অনুলিপি প্রকাশের পর ওইদিনই আসামির মৃত্যু পরোয়ানা জারি করে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল।
বিচারিক আদালত থেকে ঢাকা কেন্দ্রীয় কারাগার ঘুরে লাল শালুতে মোড়ানো সেই মৃত্যু পরোয়ানা পরদিন সকালে কাশিমপুরে পৌঁছালে নিজামীকে তা পড়ে শোনায় কারা কর্তৃপক্ষ।
এরপর নিজামীর আইনজীবী ও পরিবারের সদস্যরা দুই দফা কাশিমপুর কারাগারে গিয়ে নিজামীর সঙ্গে দেখা করেন।
ওই সাক্ষাতে নিজামীই রিভিউ চাওয়ার নির্দেশনা দেন বলে তার আইনজীবীরা সাংবাদিকদের জানিয়েছিলেন।
একাত্তরের বদর প্রধান মতিউর রহমান নিজামীর রিভিউ না টিকলে রাষ্ট্রপতির কাছে তিনি প্রাণভিক্ষা চাইতে পারবেন।
দুই আর্জিই নাকচ হলে সরকারের সিদ্ধান্ত অনুসারে কারা কর্তৃপক্ষ দণ্ড কার্যকরের ব্যবস্থা নেবে।
বিগত চার দলীয় জোট সরকারের এই মন্ত্রী চট্টগ্রামের চাঞ্চল্যকর দশ ট্রাক অস্ত্র মামলারও মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামি।
