২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

দুর্নীতির মামলার তদন্ত দ্রুত করতে তাগিদ রাষ্ট্রপতির

দুর্নীতি সংক্রান্ত মামলার তদন্ত ও মামলা নির্ধারিত সময়ে শেষ করতে দুর্নীতি দমন কমিশনকে (দুদক) নির্দেশনা দিয়েছেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 27 Mar 2016, 06:49 PM

Updated : 20 Aug 2022, 12:17 PM

নতুন চেয়ারম্যান ইকবাল মাহমুদের নেতৃত্বে কমিশনের একটি প্রতিনিধি দল রোববার বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে দেখা করতে গেলে এই তাগিদ দেন তিনি।

রাষ্ট্রপতির প্রেস সচিব মো. জয়নাল আবেদীন সাংবাদিকদের বলেন, রাষ্ট্রপতি জনগণের আস্থা অর্জন এবং ভাবমূর্তি উজ্জ্বল করতে দুদককে আন্তরিকতার সঙ্গে কাজ করার আহ্বান জানিয়েছেন।

“দুর্নীতির মামলার তদন্ত ও মামলা নিষ্পত্তিতে বিলম্ব দুর্নীতি দমনে প্রতিবন্ধকতা উল্লেখ করেন রাষ্ট্রপতি। এসময় তিনি মামলার তদন্ত নিষ্পত্তি সুষ্ঠুভাবে নির্ধারিত সময়ে শেষ করার নির্দেশনা দেন।”

যেসব দুর্নীতির আনুষ্ঠানিক অভিযোগ আসে না, সেসব ক্ষেত্রে দুদককে স্বতঃপ্রণোদিত হয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পরামর্শও দিয়েছেন আবদুল হামিদ।

তবে কোনো ব্যক্তি যাতে অহেতুক হয়রানির শিকার না হন, সেদিকে লক্ষ্য রাখতেও দুদকের প্রতি আহ্বান জানান তিনি।

রাষ্ট্রপতি বলেন, দুর্নীতি করলে শাস্তি পেতে হবে এ ধারণা সমাজে প্রতিষ্ঠিত করতে হবে।

দুদক প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে জানান, তৃণমূল থেকে সমাজের সর্বস্তরে দুর্নীতি প্রতিরোধে শিগগিরই স্বল্প-মধ্য ও দীর্ঘমেয়াদী কৌশল নেওয়া হবে।

দুর্নীতি প্রতিরোধে স্কুল পর্যায়ে সচেতনতামূলক কর্মসূচি চালু করা হবে বলেও জানান তারা।

সাবেক সচিব ইকবাল মাহমুদ সাক্ষাতে দুদকের চেয়ারম্যান পদে তাকে নিয়োগ দেওয়ার জন্য রাষ্ট্রপতির কাছে কৃতজ্ঞতা জানান।

প্রেস সচিব জয়নাল আবেদীন বলেন, “সাক্ষাতের সময় দুদক চেয়ারম্যান বলেন, বাংলাদেশে অনেক উন্নয়ন হচ্ছে কিন্তু দুর্নীতির কারণে তা ম্লান হয়ে যাচ্ছে।”

দুর্নীতির মাত্রা কমাতে কমিশন আন্তরিকতার সঙ্গে কাজ করবে বলেও প্রতিনিধি দল রাষ্ট্রপতিকে আশ্বস্ত করেন।