২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

পুলিশের ‘তাড়া খেয়ে’ ভবন থেকে পড়ে যুবকের মৃত্যু

পুরান ঢাকার চানখাঁরপুল এলাকায় পুলিশের ‘তাড়া খেয়ে’ ষষ্ঠতলা থেকে পাইপ বেয়ে নামার সময় পড়ে গিয়ে এক যুবক নিহত হয়েছেন।

জ্যেষ্ঠ প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 12:39 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

স্থানীয়রা এমন কথা জানালেও পুলিশ তাড়া দেওয়ার অভিযোগ অস্বীকার করেছে।

শুক্রবার রাত সাড়ে ৮টার দিকে আহত অবস্থায় আবুল কালাম নামে ওই যুবককে উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

পঁচিশ বছর বয়সী কালামের বাড়ি চকবাজার এলাকার হোসাইনি দালান রোডের শিয়া গলিতে।

তাকে একজন চিহ্নিত মাদক বিক্রেতা বলে দাবি করেছেন বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী।

কালামের ভাই আবুল বাসার অভিযোগ করেন, বংশাল থানার দুই পুলিশ সদস্য এসআই রফিকুল ইসলাম ও এএসআই মোজ্জাম্মেল হক তার ভাইকে ধাওয়া দিয়ে ওই ভবনে তোলার পর উপর থেকে ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে।

প্রত্যক্ষদর্শী ও স্থানীয় কয়েকজন জানান, রাত সাড়ে ৮টার দিকে বংশাল থানার এসআই রফিকুল ইসলাম ও এএসআই মোজ্জাম্মেল হক কালামকে ধাওয়া করে। এসময় তাড়া খেয়ে চানখাঁরপুল এলাকার ৭৪ নম্বর বাড়ির ষষ্ঠতলায় উঠে পাইপ বেয়ে নিচে নামতে গিয়ে পড়ে যান তিনি।

এরপর আশপাশে থাকা চকবাজার থানার পুলিশ সদস্য এবং স্থানীয়রা উদ্ধার করে কালামকে ঢাকা মেডিকেলে নিয়ে গেলে রাত সাড়ে ৯টার দিকে চিকিৎসকরা তাকে মৃত ঘোষণা করে।

এ ঘটনার পর মেডিকেল এলাকায় স্থানীয়দের কিছুক্ষণ বিক্ষোভ করতে দেখা যায়।

পুলিশ সদস্যরাই তাকে ধাওয়া দিয়ে উপরে তোলার পর ধাক্কা দিয়ে ফেলে হত্যা করেছে বলে অভিযোগ করে ঘটনায় জড়িত পুলিশ সদস্যদের বিচার দাবি করেন কালামের বড় ভাই আবুল বাসার।

এ বিষয়ে বংশাল থানার ওসি নূরে আলম সিদ্দিকী বলেন, “আমাদের পুলিশ সদস্যরা ওই ভবনের কাছাকাছি যায়নি। কীভাবে মারা গেছে জানা নেই। তবে আবুল কালাম একজন মাদক বিক্রেতা।”