২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

কালরাতে রাজারবাগ: থ্রিনটথ্রিতে প্রথম প্রতিরোধ

‘উই আর অ্যাটাকড বাই পাক আর্মি, ট্রাই টু সেভ ইওরসেলভস’- ২৫ মার্চ রাতে পাক হানাদারদের আক্রমণে পড়ে রাজারবাগ পুলিশ লাইন্স থেকে সারাদেশে এই বার্তা ছড়িয়ে দিয়েছিলেন ওয়্যারলেস অপারেটর শাহজাহান মিয়া।

গোলাম মুজতবা ধ্রুব

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 26 Mar 2016, 12:01 AM

Updated : 20 Aug 2022, 12:17 PM

এই শাহজাহানরাই সেই রাতে থ্রিনটথ্রি রাইফেল হাতে ট্যাংক, কামান আর হেভি মেশিন গানের প্রথম জবাবটা দিয়েছিলেন; প্রতিরোধযুদ্ধে প্রাণ দিয়েছিলেন অন্তত দেড়শ পুলিশ সদস্য।

তিন ঘণ্টাব্যাপী সেই যুদ্ধের দৃশ্যপট এখনও শাহজাহানের চোখে ভাসে, যেন কিছুক্ষণ আগে ঘটা কোনো ঘটনা।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে এক সাক্ষাৎকারে তিনি বলেন, প্রতিরোধ যুদ্ধ শেষে ধরা পড়ার পর তিন দিন তাদের কাটাতে হয় রাজারবাগে; নির্মম নির্যাতন আর অনাহারের দিনগুলো মনে এলে এখনও গায়ে কাঁটা দিয়ে ওঠে।

১৯৪৯ সালের ১লা জুলাই নেত্রকোণা জেলার কেন্দুয়া উপজেলার বাট্টা বড়বাড়িতে জন্ম শাহজাহানের। তার বাবা শৈরত আলী ও মা আমেনা আক্তার। শাহজানানরা তিন ভাই সরাসরি মুক্তিযুদ্ধে অংশ নিয়েছিলেন।

মার্চের উত্তাল সময়ের প্রেক্ষাপট তুলে ধরে সশস্ত্র প্রতিরোধে অংশ নেওয়ার অভিজ্ঞতা বলতে গিয়ে নানা প্রসঙ্গ ফিরিয়ে আনেন সেই ওয়্যারলেস অপারেটর, যাকে ১৯৮৫ সালে বাধ্যতামূলক অবসরে পাঠিয়েছিল তৎকালীন সরকার।

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “৭১ সালের পহেলা মার্চ রাত সাড়ে ৮টার দিকে আকস্মিকভাবে তৎকালীন প্রেসিডেন্ট ইয়াহিয়া খান ঘোষণা করলেন ৩রা মার্চ অনুষ্ঠিতব্য জাতীয় সংসদ অধিবেশন অনির্দিষ্টকালের জন্য স্থগিত। খবরটি শুনেই সারাদেশের মানুষ, ঢাকা শহরের মানুষ মিছিল নিয়ে বের হয়ে এল রাস্তায়; শুরু হল অসহযোগ। তখন ঢাকা শহর উত্তাল হয়ে উঠল।”

শাহজাহান ১৯৬৯ সালের ২ ফেব্রুয়ারি পুলিশ বাহিনীতে কনস্টেবল পদে যোগ দিয়েছিলেন। পরবর্তীতে পদোন্নতি পেয়ে পুলিশের পরিদর্শক হয়েছিলেন।

সাতই মার্চে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের দিক-নির্দেশনাপূর্ণ ভাষণের কথা উল্লেখ করে তিনি বলেন, “বঙ্গবন্ধু বললেন ‘আমি যদি হুকুম দেবার নাও পারি তোমাদের কাছে যা কিছু আছে তাই নিয়ে শক্রুর মোকাবেলা করতে হবে’।

“এই কথাগুলো কেবল সারাদেশের মানুষকেই না, রাজারবাগে যেসব পুলিশ কর্মরত ছিলেন তাদেরকেও অনুপ্রাণিত করেছিল। রেসকোর্সের ওই সভায় আমরা (পুলিশ) কয়েকজন উপস্থিত ছিলাম, আমরাও ভীষণ উদ্বুদ্ধ হলাম।

“তখন থেকেই মনে হচ্ছিল বোধহয় একটা আন্দোলনের মুখোমুখি হতে হবে। মনের মধ্যে একটা প্রতিবাদের ঝড় তৈরি হল। তার প্রেক্ষিতেই কিন্তু ২৩ মার্চ রাজারবাগে যে পাকিস্তানের পতাকা ছিল তা নামিয়ে বাংলাদেশের মানচিত্র খচিত পতাকা টাঙিয়ে দিলাম।”

পঁচিশে মার্চের রাতের বর্ণনা দিয়ে শাহজাহান মিয়া বলেন, “ওই রাত ছিল ভয়াবহ এক কালরাত। সারাদিন ছিল থমথমে। সারা ঢাকা শহর ছিল উত্তপ্ত। বিভিন্ন সূত্রে রাজারবাগে বিভিন্ন ধরনের খবর আসছিল।

“বিশেষ করে রাত ৮টার দিকে সিদ্দিকনগরের আওয়ামী লীগ সভাপতি গাজী গোলাম মোস্তফার ছোট ছেলে আমাকে খবর দেন, তিনি তখন ছিলেন নিউ সার্কুলার রোডে। তিনি জানান ক্যান্টনমেন্টে সাজসাজ রব। তারা ঢাকা অভিমুখে আসছেন, আজকে রাতে।

“এ খবর পেয়েই পোশাক পরা আমরা ২০/২৫ জন পুলিশ সদস্য রাজারবাগের দিকে দৌড়ে যাই। অন্যদিকে সে সময় আইজিপি ছিলেন তসলিম আহমেদ। তার দেহরক্ষী ছিল আবদুল আজিজ। রাজারবাগে রাত সাড়ে ৮টার দিকে মোটরসাইকেল শেখ কামাল এসে খবর দিল আমি শেখ কামাল। বঙ্গবন্ধুর সন্তান। উনি (বঙ্গবন্ধু) খবর পাঠিয়েছেন রাতে পাকিস্তানি সেনারা রাজারবাগ আক্রমণ করবে, আপনারা প্রতিরোধ করবেন।”

দুটি সূত্র থেকে পাওয়া খবর মিলে যাওয়ার পরই রাজারবাগে প্রতিরোধের প্রস্তুতি শুরু হয়েছিল বলে জানান তিনি।

“আমরা অন্তত দেড়শ পুলিশ সদস্য নিজেদের মধ্যে আলোচনা শুরু করলাম। সবাই সিদ্ধান্ত নিলাম প্রতিরোধ গড়ে তুলব। এজন্য অস্ত্রের দরকার। গেলাম আর এ মোরশেদ সাহেবের বাসায়। তিনি তখন অস্ত্রাগারের চাবি দিতে অস্বীকৃতি জানান। একরকম জোর করেই তার থেকে অস্ত্রাগারের চাবি নিয়ে নেই ও নিজেদের মধ্যে ভাগ করে নেই।

“তখন কেবল ছিল থ্রিনটথ্রি। বেটা গানও ছিল, কিন্তু সেগুলো দিয়ে তো আর যুদ্ধ করা যায় না। রাত সাড়ে ৯টা বা ১০টা হবে। আমরা বে স্টেশনে ছিলাম। আমার সঙ্গে ছিল ওয়্যারলেস অপারেটর মনির। রাত সোয়া ১০টার দিকে তেঁজগাওয়ের একটি পেট্রল পার্টি থেকে খবর পাই প্রায় ৩৭টি ট্রাকে করে ক্যান্টনমেন্ট থেকে পাক সেনারা ঢাকায় প্রবেশ করছে। খবর পেয়ে রাজারবাগে উত্তেজনা ছড়িয়ে পড়ল। রাজারবাগে পাগলা ঘণ্টা বেজে উঠল। ব্যারাকে থাকা পুলিশ সদস্যরা অস্ত্র চাই…অস্ত্র চাই বলে চিৎকার করছিল।

“রাজারবাগের অস্ত্রাগারের তালা শাবল দিয়ে ভেঙে অস্ত্র নিয়ে পুলিশ পজিশন নিল। রাজারবাগের তখন দুইটা পথ। একটা মালিবাগ মগবাজার হয়ে বাংলামটর অন্যটা চামেলীবাগ শান্তিনগর বেইলী রোড হয়ে। সেখানে রাস্তার পাশে অবস্থান নেওয়া হয়েছিল। একটা পক্ষ ছিল চামেলীবাগে। সেখানে ডন হাইস্কুল ছিল। বর্তমানে সেখানে ইস্টার্নপ্লাস মার্কেট হয়েছে। ওই হাই স্কুলের ছাদে কয়েকজন অবস্থান নেয়। সামনে ছিল পুলিশ-জনতার সম্মিলিত ব্যারিকেড। যেন পাক সেনাদের গাড়ি রাস্তা পার হতে না পারে।”

শাহজাহান জানান, পাক সেনারা ব্যারিকেড ভাঙার চেষ্টা করলে প্রথমে ডন হাই স্কুলের ছাদ থেকে গুলি ছোড়া হয়। একজন পাক সেনা সেখানে নিহত হন ও একজন আহত হন।

“প্রায় ৩৭টা ট্রাকে পাক সেনারা আসে। তারা ট্যাঙ্ক, কামান হেভি মেশিন গান দিয়ে সজ্জিত ছিল। আমরা আক্রান্ত হয়ে পড়লাম, প্রতিরোধ গড়ে তুলছি এটা তো সারা বাংলাদেশকে জানানো দরকার। তাহলে অন্যরা প্রতিরোধ গড়ে তুলবে বা নিজেদের রক্ষার চেষ্টা করবে; প্রস্তুতি নেবে।

“বঙ্গবন্ধু বলেছিলেন, আমি যদি হুকুম দেবার নাও পারি। যার যা কিছু আছে তাই নিয়ে শত্রুর মোকাবেলা করতে হবে। তখন মনে হল আমার ওয়্যারলেস আমার অস্ত্র। তখন কারও হুকুমের অপেক্ষা না করে ঠিক সেই সময়ে নিজের বিবেকের তাড়নায় ওয়্যারলেসে ইংরেজিতে একটা বার্তা দিলাম।

“রাত তখন ১২টা হবে। যুদ্ধ চলছিল। আমার দেওয়া বার্তাটি ছিল এমন: ‘Base for all, East Pakistan police Keep note, very very important message for you’.

“ওয়ারলেসের ওপার থেকে বারবার শোনা যাচ্ছিল, ‘Send your message… Send your message’.

“এরপর আমি বার্তা দিই, ‘We are attacked by Pak army try to save yourselves… over and out’.

শাহজাহান জানান, প্রতিরোধের মুখে রাত আড়াইটা পর্যন্ত পাক সেনারা রাজারবাগে ঢুকতে পারেনি। রাত ১১টার দিকে পাক সেনারা শান্তিনগর অতিক্রম করার পর থেকে প্রায় সারারাত যুদ্ধ চলে।

“ওরা আরও ফোর্স নিয়ে আসে। চারটা ব্যারাক আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছিল, একটা টিনশেডের রেশন ঘর ছিল। রাজারবাগের দুইটা গেইট ভেঙে ফেলেছিল। এলোপাতাড়ি গুলি ছুড়তে থাকে। অন্তত দেড়শ পুলিশ মারা যায়। তাদের লাশ নিজেদের ট্রাকে তুলে নিয়ে গিয়ে পরবর্তীতে গায়েব করে ফেলে। রাজারবাগের হিসাব অফিসও আগুনে পুড়েছিল বলে ওই সময় নিহত পুলিশ সদস্যদের সুনির্দিষ্ট তালিকাও নেই।”

নিজের ধরা পড়ার মুহূর্তের কথা স্মরণ করে শাহজাহান বলেন, “পাক সেনাদের সঙ্গে ছিল সম্মুখযুদ্ধ। ভোর তখন ৪টা হবে। আমরা ৫/৬ জন রাজারবাগের মূল ভবনের চার তলায় ছিলাম। তখন গুলি শেষ হয়ে গেলে পানির ট্যাংকের নিচে অবস্থান নিয়েছিলাম। কিছু করার ছিল না। পরবর্তীতে সেখান থেকে আমাদের ফজরের আজানের সময় আমাদের বেয়নেট দিয়ে খুঁচিয়ে বের করে।”

২৮ মার্চ পর্যন্ত বেলা ৩টা পর্যন্ত দেড়শ লোক ওইখানে বন্দি থাকার কথাও জানান শাহজাহান। রাজারবাগের ২০/২৫ জন কুক ও বয়ও বন্দি ছিলেন তাদের সঙ্গে।

“বন্দি অবস্থায় চরম নির্যাতনের মুখে পড়ে একটা ছেলে পিপাসায় পানির জন্য ছটফট করছিল। আমাদের একজন ওই ছেলেটাকে পানি দিতে বললে পাক সেনারা ওই ছেলেকে কিছুদূর নিয়ে মুখে পেশাব করে দেয়।

“২৮ মার্চ বেলা সোয়া ৩টায় আমাদেরকে তৎকালীন পুলিশ সুপার ই এ চৌধুরীর জিম্মায় রেখে বলা হল তোমরা মিল ব্যারাকে আস। তোমাদের থাকা ও খাওয়ার ব্যবস্থা করা হবে।”

সেখানেও অনাহারেই তাদের থাকতে হয়েছিল বলে জানান তিনি।

“২৮ মার্চ কারফিউ ছিল না। পোশাক পরা অবস্থায়, রক্তাক্ত ও সারা শরীরে আঘাতের চিহ্ন নিয়ে দলে দলে আমাদের রাজারবাগ থেকে বের করা হল। পরবর্তীতে চিকিৎসা নিতে রাজারবাগ হাসপাতালে গেলে অবাঙালি চিকিৎসকরা আমাদের কোনো চিকিৎসাও দেয়নি।”

জাতির জনককে সপরিবারে হত্যার পর ইনডেমনিটি অধ্যাদেশ জারির বিষয়টি এখনও মানতে পারেন না শাহজাহান।

“তখন দেশটা কেমন ছিল এটা বলতেও লজ্জা হয়। ইতিহাস বিকৃত করা হল। যার নেতৃত্বে বাংলাদেশ হল, এই দেশের আলো বাতাস পেলাম তাকে হত্যার বিচার হবে না এটা তো ভাবতেও লজ্জা হয়।

নতুন প্রজন্মের কাছে শাহজাহান মিয়ার প্রত্যাশা একটাই- ‘দেশকে ভালবাসতে হবে মায়ের মতো’।

নিজের চাওয়া-পাওয়া নিয়ে খুব বেশি আক্ষেপ নেই প্রথম প্রতিরোধে অংশ নেওয়া এই পুলিশ সদস্যের। তবে মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রাখার জন্য কোনো খেতাব না জোটায় খানিকটা হতাশ। 

“কী পেয়েছি কী পাইনি তা বলব না। ৭৩ সালে যারা মুক্তিযুদ্ধে বীরত্বপূর্ণ অবদান রেখেছিলেন তাদের পদক দেওয়া হয়। কিন্তু স্বাধীনতার ৪৫ বছরেও রাষ্ট্রীয় কোনো খেতাব পাইনি। রাজারবাগ পুলিশ লাইনে যারা প্রথম প্রতিরোধ যুদ্ধে অংশ নিল তারা কোনো খেতাব পেল না। জীবনের এই সময়ে শুধু একটা আক্ষেপ রয়ে গেল।”

শাহজাহান বলেন, “চাই দেশ আরও উন্নত হোক। মুক্তিযোদ্ধার সন্তানদের এখন কোটা দেওয়া হয়েছে। নতুন প্রজন্মও এই সুযোগ পাবে। মুক্তিযোদ্ধাদের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন করা হবে, এটা অনেক বড় পাওয়া। যাওয়ার সময় কেউ তো কিছু নিতে পারে না। মৃত্যুর পর রাষ্ট্রীয় সম্মান পাব এর চেয়ে বড় পাওনা তো কিছু নেই।”