জাবির দুই শিক্ষার্থীর ঝগড়া, ছাত্রলীগ কর্মীদের দোকান ভাংচুর
জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের বর্তমান ও সাবেক দুই শিক্ষার্থীর মধ্যে বাকবিতণ্ডার জের ধরে ক্যাম্পাসের পাশের এলাকার কয়েকটি দোকান ভাংচুর করেছে শহীদ রফিক-জব্বার হল শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা।
আশুলিয়া থানার এসআই মহসিন আলী জানান, শুক্রবার সকালে বিশ্ববিদ্যালয়ের পাশের গেরুয়া বাজার এলাকায় এ ভাংচুরের ঘটনা ঘটে।
এ ঘটনার পর বিশ্ববিদ্যালয়ের উদ্ভিদ বিজ্ঞান বিভাগের সাবেক শিক্ষার্থী রাসেল হোসেনকে আটক করা হয়েছে বলে জানান তিনি।
রাসেল গাজীপুর সদর উপজেলার নূর মোহাম্মদের ছেলে। বিশ্ববিদ্যালয়ের ৩৭তম আবর্তনের এই শিক্ষার্থী পড়াশোনা শেষে ক্যাম্পাসের পাশের গেরুয়া এলাকার একটি বাসায় ভাড়া থেকে চাকরির প্রস্তুতি নিচ্ছেন বলে তার এক প্রতিবেশী জানান।
রাসেলের সঙ্গে বিশ্ববিদ্যালয়ের একাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস বিভাগের মাস্টার্সের (৪০তম আবর্তন) শিক্ষার্থী শহীদ রফিক-জব্বার হল শাখার ছাত্রলীগ কর্মী মো. নাহিদ হোসেনের কথা কাটাকাটির জেরে এই ভাংচুরের ঘটনা ঘটে বলে প্রত্যক্ষদর্শীরা জানান।
এ নিয়ে তাদের মাঝে কথা কাটাকাটি এক পর্যায়ে রাসেল নাহিদকে ধাক্কা দিয়ে ফেলে উপর্যুপরি কয়েকটি কিলঘুষি দেয়। সঙ্গে সঙ্গে নাহিদ শহীদ রফিক-জব্বার হলে গিয়ে থেকে বিষয়টি ছাত্রলীগ নেতাকর্মীদের জানান।
এরপর নাহিদের বন্ধু বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের আন্তর্জাতিক বিষয়ক সম্পাদক সজীব কুমার সাহা এবং নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক আব্দুল মাজেদ সীমান্তের নেতৃত্বে ওই হলের ছাত্রলীগ নেতকর্মীরা গেরুয়া বাজারে রাসেলকে মারতে যান।
এসময় রাসেলকে না পেয়ে তারা মনির হোসেনের খাবারের দোকান, জয়নাল মিয়ার জুতার দোকান, আব্দুর রাজ্জাকের হার্ডওয়্যারের দোকানসহ চারটি দোকান ও দুটি পিকআপ ভ্যানের কাচ ভাংচুর করে হলে ফিরে যায়।
এর কিছুক্ষণ পরে রাসেলের খোঁজ পেয়ে ছাত্রলীগ কর্মীরা পুনরায় গেরুয়া এলাকায় রাসেলের ভাড়া বাসার সামনে রড, পাইপ, রামদা, কিরিচসহ বিভিন্ন দেশীয় অস্ত্র নিয়ে জড়ো হলে এলাকায় উত্তেজনা ছড়িয়ে পড়ে। এক পর্যায়ে ঘটনাস্থলে উপস্থিত বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিমের সামনেই ছাত্রলীগ কর্মী নাহিদ রাসেলের রুমে প্রবেশ করে রড দিয়ে তাকে মারধর করে।
এসময় তাদের থামাতে গিয়ে পাশের রুমে ভাড়া থাকা বিশ্ববিদ্যালয়ের ইংরেজি বিভাগের দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী রুম্মান ছাত্রলীকর্মীদের হাতে লাঞ্ছিত হন। পরবর্তীতে প্রক্টরিয়াল বডির সদস্যরা উত্তেজিত ছাত্রলীগকর্মীদের শান্ত করে আশুলিয়া থানা পুলিশের হাতে রাসেলকে তুলে দেয়।
ভাংচুর হওয়া হার্ডওয়্যারের দোকানের মালিক আব্দুর রাজ্জাক বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “আমরা কিছু বুঝে ওঠার আগেই হঠাৎ করে জাহাঙ্গীরনগরের পঞ্চাশ জনের মতো মামারা (শিক্ষার্থী) এসে দোকানের মালামাল ভাংতে শুরু করে। ভাংচুরের কারণে আমাদের অন্তত এক লাখ টাকার ক্ষতি হয়েছে।”
তবে মারধর ও ভাংচুরের বিষয়টি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমে অস্বীকার করেন ছাত্রলীগকর্মী নাহিদ হোসেন।
তিনি বলেন, “আমার নাস্তা করার একদম শেষ পর্যায়ে এসে রাসেল ভাই আমাকে চেয়ার ছেড়ে দিতে বলে। আমি তাকে একটু অপেক্ষা করতে বললেও তিনি আমাকে ধাক্কা দিয়ে ফেলে দেয় এবং কিলঘুষি মারে।
“এসময় আশাপাশের লোকজন এসে পরলে তিনি চলে যান। এরপর আমার হলের বন্ধুরা তার এ ধরনের ব্যবহারের কারণ জানতে তার সাথে কথা বলতে গেরুয়া বাজারে যায়। ভাংচুরের বিষয়ে আমি কিছু জানিনা।”
ঘটনার বিচার চেয়ে প্রক্টর বরাবর একটি অভিযোগপত্র দিয়েছেন বলে জানান নাহিদ।
একই বিষয়ে জাবি শাখা ছাত্রলীগের নাট্য ও বিতর্ক বিষয়ক সম্পাদক মাজেদুল ইসলাম সীমান্তের সঙ্গে যোগাযোগ করতে চাইলে তার মুঠোফোন বন্ধ পাওয়া যায়।
ভাংচুরের ঘটনায় ছাত্রলীগের কারো সম্পৃক্ততা পাওয়া গেলে ব্যবস্থা নেওয়া হবে বলে জানিয়ে বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সভাপতি মাহমুদুর রহমান জনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ভাংচুর ছাত্রলীগ কর্মীরাই ঘটিয়েছে কিনা তা নিশ্চিত না হয়ে বলতে পারবো না। ঘটনার সময় ছাত্রলীগকর্মী ছাড়াও রফিক-জব্বার হলের অনেক উত্তেজিত সাধারণ শিক্ষার্থীরাও উপস্থিত ছিল।”
এদিকে এ ঘটনায় শিক্ষার্থী নাহিদের করা অভিযোগ পেয়েছেন জানিয়ে প্রক্টর অধ্যাপক তপন কুমার সাহা বলেন, “যেহেতু মারধরকারী শিক্ষার্থী রাসেল এখন আর বিশ্ববিদ্যালয়ের ছাত্র না, তাই আমরা ওই অভিযোগপত্রটি থানায় পাঠিয়ে দিয়ে প্রশাসনকে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে অনুরোধ করেছি।”
এ ঘটনায় সন্ধ্যা পর্যন্ত কোনো মামলা না হলেও বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের সিদ্ধান্ত অনুযায়ী পরবর্তী পদক্ষেপ নেওয়া হবে বলে জানান
আশুলিয়া থানার এসআই মহসিন আলী।
