সুপ্রিম কোর্ট বারে দ্বিতীয় দিনের ভোট চলছে
সুপ্রিম কোর্ট আইনজীবী সমিতির নতুন নেতৃত্ব নির্বাচনে উৎসবের আমেজে চলছে দ্বিতীয় দিনের ভোটগ্রহণ।
বুধবার সকাল ১০টা থেকে বিকাল ৫টা প্রথম দিনের ভোটগ্রহণের পর বৃহস্পতিবারও একই সময়ে ভোট শুরু হয়। দুপুরে একঘণ্টা বিরতি দিয়ে বিকাল ৫টা পর্যন্ত ভোটগ্রহণ চলবে।
নির্বাচন পরিচালনা উপ-কমিটির আহ্বায়ক জ্যেষ্ঠ আইনজীবী মো. হারুনর রশীদ জানান, পাঁচ হাজার ২৩ জন ভোটারের মধ্যে থেকে প্রথম দিন এক হাজার ৮৬৮ জন ২০১৬-২০১৭ মেয়াদে সমিতির নেতৃত্ব নির্বাচনে ভোট দেন। সমিতি মিলনায়তনে ৪৩টি বুথে এই ভোট নেওয়া হচ্ছে।
বিকাল ৫টায় ভোটগ্রহণ শেষে কিছু সময় বিরতি দিয়ে ভোট গণনা শুরু হবে বলে জানান তিনি।
সভাপতি, দুই সহ-সভাপতি, সম্পাদক, কোষাধ্যক্ষ, দুই সহ-সম্পাদক এবং সাতজন সদস্যসহ মোট ১৪টি পদে এই নির্বাচন হচ্ছে। ভোট ঘিরে সুপ্রিম কোর্ট প্রাঙ্গণে আইনজীবীদের মধ্যে দেখা গেছে উৎসবের আবহ।
প্রতিবারের মতো এবারও আওয়ামী লীগ নেতৃত্বাধীন আইনজীবীদের মোর্চা সম্মিলিত আইনজীবী সমন্বয় পরিষদ (সাদা প্যানেল) ও বিএনপি-জামায়াতপন্থি জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের (নীল প্যানেল) প্রার্থীদের মধ্যে মূল প্রতিদ্বন্দ্বিতা হবে বলে ধারণা সাধারণ আইনজীবীদের।
আইনজীবী ইউসুফ হোসেন হুমায়ুন আওয়ামী লীগের উপদেষ্টা মণ্ডলীর সদস্য; আর জয়নুল আবেদীন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার উপদেষ্টা। রাজনৈতিক মতাদর্শে পার্থক্য থাকলেও দুজনেরই বাড়ি বরিশাল।
সাদা প্যানেল থেকে আইনজীবী মো. আজাহার উল্লাহ ভুঁইয়া এবং নীল প্যানেলে থেকে আইনজীবী এ এম মাহবুব উদ্দিন খোকন সম্পাদক পদে লড়ছেন। তাদের দুজনেরই বাড়ি নোয়াখালী জেলায়।
বিএনপি-জামায়াত জোট সমর্থকরা গত বেশ কয়েকবছর ধরেই সুপ্রিম কোর্ট বারের নেতৃত্বে।
গতবার সভাপতি-সম্পাদকসহ মোট নয়টি পদে জাতীয়তাবাদী আইনজীবী ঐক্য প্যানেলের প্রার্থীরা জয়ী হন। সাদা প্যানেলের প্রার্থীরা জয় পান পাঁচটি পদে।
বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা খন্দকার মাহবুব হোসেন ১৭৯ ভোটে ইউসুফ হোসেন হুমায়ুনকে পরাজিত করে টানা দ্বিতীয় মেয়াদের মতো সমিতির সভাপতি হন গতবার। আর সাবেক সংসদ সদস্য ও বিএনপির যুগ্ম মহাসচিব মাহবুবউদ্দিন খোকন ৪০৮ ভোটে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য মোমতাজ উদ্দিন আহমেদ মেহেদিকে হারিয়ে হন সম্পাদক।
