বাসসের নতুন চেয়ারম্যান রাহাত খান
সাংবাদিক রাহাত খানকে চেয়ারম্যান করে রাষ্ট্রায়ত্ত সংবাদ সংস্থা বাসসের পরিচালনা বোর্ড পুনর্গঠন করেছে সরকার।
বাসসের পরিচালনা পর্যদের সদস্য রাহাত খানকে সংস্থাটির চেয়ারম্যান নিয়োগ দিয়ে বুধবার আদেশ জারি করে তথ্য মন্ত্রণালয়।
রাহাত খানকে চেয়ারম্যান করায় তার শূন্য পদে পরিচালক হিসেবে নিয়োগ পেয়েছেন দৈনিক যুগান্তরের ভারপ্রাপ্ত সম্পাদক সাইফুল আলম।
এর আগে গত বছরের ২০ অগাস্ট সাংবাদিকতার শিক্ষক গোলাম রহমানকে চেয়ারম্যান করে বাসসের পরিচালনা পর্ষদ পুনর্গঠন করা হয়।
পরে ৩ ফেব্রুয়ারি প্রধান তথ্য কমিশনার হিসেবে নিয়োগ পান গোলাম রহমান।
গত ১৪ মার্চ মন্ত্রিসভায় বাংলাদেশ সংবাদ সংস্থা আইনের খসড়ার নীতিগত অনুমোদন পায়। নতুন আইনে পরিচালনা বোর্ডের সদস্যদের পদটিকে ‘পরিচালক’ নামকরণ করা হয়েছে।
২০ অগাস্ট পুনর্গঠিত পরিচালনা পর্যদে সদস্য হিসেবে নিয়োগ পান বাসসের ব্যবস্থাপনা পরিচালক এবং প্রধান সম্পাদক আবুল কালাম আজাদ, তথ্য মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব (প্রেস), অর্থ মন্ত্রণালয়ের অর্থ বিভাগের যুগ্ম-সচিব, ডাক ও টেলিযোগাযোগ মন্ত্রণালয়ের যুগ্ম-সচিব, দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমীমা হোসেন, দৈনিক বর্তমানের উপদেষ্টা সম্পাদক রাহাত খান, দৈনিক কালের কণ্ঠের সম্পাদক ইমদাদুল হক মিলন, চট্টগ্রামের দৈনিক আজাদীর সম্পাদক এম এ মালেক, খুলনার দৈনিক পূর্বাঞ্চলের সম্পাদক লিয়াকত আলী এবং বাসসের বিশেষ সংবাদদাতা আমিনুল ইসলাম মির্জাক।
এদের মধ্যে লিয়াকত আলী মারা যাওয়ায় তার স্থলে দৈনিক পূর্বাঞ্চলের ফেরদৌসী আলীকে পরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে।
পুনর্গঠিত পরিচালনা বোর্ড ২০১৮ সালের ১৭ অগাস্ট পর্যন্ত দায়িত্ব পালন করবে।
