রাজধানীর খিলগাঁওয়ে নতুন কবরস্থান
রাজধানীর খিলগাঁওয়ে প্রায় আট বছর আগে কাজ শুরু করা একটি কবরস্থানের নির্মাণ শেষ করে আনুষ্ঠানিক উদ্বোধন করেছে ঢাকা উত্তর সিটি করপোরেশন (ডিএনসিসি)।
ডিএনসিসির এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, খিলগাঁওয়ের তালতলা এলাকায় ৫ দশমিক ৩৭ একর জমিতে নির্মিত এই কবরস্থানে অন্তত দুই হাজার ৭০০ লাশের স্থান দাফন করা যাবে।
২০০৯ সালে কবরস্থানটি নির্মাণকাজ শুরু হয়েছিল। বিভিন্ন কারণে মন্থর হয়ে পড়া নির্মাণ কাজ শেষ করে সিটি করপোরেশনের নির্বাচিত নতুন প্রশাসন।
সোমবার কবরস্থানের উদ্বোধন উপলক্ষে আয়োজিত এক দোয়া অনুষ্ঠানে অংশ নেন ডিএনসিসির মেয়র আনিসুল হক, ঢাকা-১১ আসনের সংসদ সদস্য এ কে এম রহমতুল্লাহসহ সিটি করপোরেশনের কর্মকর্তারা।
সংক্ষিপ্ত বক্তব্যে মেয়র বলেন, কবরস্থান নির্মাণের মত একটি ভালো কাজে সম্পৃক্ত থাকতে পেরে তিনি নিজেকে সৌভাগ্যবান মনে করছেন। কবরস্থানটি ছায়া সুনিবীড় করার জন্য আগামীতে এতে প্রচুর গাছ লাগানো হবে এবং আরো উন্নয়ন কাজ করা হবে।
কবরস্থানটিতে ওয়াকওয়ের পরিমাণ ১৮৯৮ মিটার, প্রস্তাবিত সীমানা প্রাচীর ৬৭০ মিটার। এতে ৫৮টি বৈদ্যুতিক পোল এবং ১০৬টি বাতি স্থাপন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়।
