২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

ইউপি নির্বাচনে প্রার্থীহীন পরিবেশ তৈরি হয়েছে: বাদশা

ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ ও প্রশাসন নৌকা মার্কার প্রার্থীকে জিতিয়ে আনার আবহ তৈরির চেষ্টায় রয়েছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির সাধারণ সম্পাদক ফজলে হোসেন বাদশা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 20 Mar 2016, 12:47 AM

Updated : 20 Aug 2022, 12:13 PM

শনিবার দলের পক্ষ থেকে এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, “আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনে পুলিশ প্রশাসন- ক্ষমতাসীন দলের পক্ষে কাজ করছে। তারা নৌকা মার্কাকে জিতিয়ে দেওয়ার আবহ তৈরি করছে।”

দুর্বল নির্বাচন কমিশন ‘অন্ধত্বের ভান করে’ পাশ কাটিয়ে যাচ্ছে বলেও মন্তব্য করেন ফজলে বাদশা।

তিনি বলেন, ইউপি নির্বাচনকে কেন্দ্র করে যেভাবে সহিংসতা চলছে তাতে নির্বাচন অবাধ ও সুষ্ঠু হবে কিনা তা নিয়ে জনমনে শঙ্কা তৈরি হয়েছে।

জোটের শরিক সংগঠনের প্রার্থীদের বাধা দেওয়া হচ্ছে বলেও দাবি করে দলটির নেতারা।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে ফজলে হোসেন বাদশা বলেন, “নির্বাচন চলাকালীন কোথাও কোথাও জেলার নিরপেক্ষ সরকারি কর্মকর্তা যারা নির্বাচন কমিশন আইন মেনে কাজ করার চেষ্টা করছেন তাদের শাস্তিমূলক বদলি অথবা ক্লোজ করে দেওয়া হচ্ছে। স্বাভাবিকভাবেই প্রশ্ন এসে যায় নির্বাচন করছে কে? প্রশাসন না নির্বাচন কমিশন?

“ক্ষমতাসীন দলের নেতারা বিরোধী প্রার্থীহীন পরিবেশ তৈরি করে তাদের শীর্ষ নেতাদের কাছে ফুলমার্ক নিয়ে পাস করে নেতৃত্ব টেকানোর অপচেষ্টা করছে।”

রাজধানীর তোপখানাস্থ শহীদ আসাদ মিলনায়তন ওয়ার্কার্স পার্টির উদ্যোগে ইউপি নির্বাচন নিয়ে অভিযোগ জানাতে এই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন নুরুল হাসান, নূর আহমেদ বকুল, কামরুল আহসান, এনামুল হক ইমরান, মাহমুদুল হাসান মানিক ও তপন দত্ত।