ক্ষুদে আঁকিয়ের তুলিতে বঙ্গবন্ধু, মুক্তিযুদ্ধ, কল্পনার গ্রাম
একাত্তরের একটি খণ্ডযুদ্ধ; মুক্তিযোদ্ধাদের সঙ্গে লড়াইয়ে এক পাকিস্তানি সৈন্য নিহত, আরেকজন বন্দি। উল্টো দিকে দাঁড়িয়ে আছে চার মুক্তিযোদ্ধা; তাদের দুজন আবার নারী।
চার দশক আগে বাঙালির স্বাধীনতা সংগ্রামের এমনই এক ছবি ফুটে উঠেছে সাত বছর বয়সী রেদওয়ান আহমেদ রাইনের তুলিতে।
বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বৃহস্পতিবার ঢাকার পল্লবীতে আয়োজিত দিনব্যাপী ‘ক্যানভাস আর্ট ফেস্ট-১৬’ এর প্রথম সেশনে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় অংশ নেওয়া দেড়শ শিশুর একজন এই রাইন।
তার আঁকা ছবিতে দেখা যায়, নীল আকাশের বিস্তারে ভেসে যাচ্ছে সাদা মেঘ। নিচে সবুজের সমারোহে ফুটে উঠেছে ফুলের দেশ। সেখানে হামলে পড়া পাকিস্তানিদের বিরুদ্ধে প্রতিরোধে দাঁড়িয়েছে বাংলার নারী-পুরুষ।
মাইলস্টোন স্কুলের দ্বিতীয় শ্রেণির এই শিক্ষার্থী তার ছবির দুই নারী মুক্তিযোদ্ধার একজনের হাতে তুলে দিয়েছে দেশ রক্ষার অস্ত্র, অন্যজনের হাতে লাল-সবুজ পতাকা।
ক্ষুদে প্রতিযোগীদের আঁকা ছবিতে মুক্তিযুদ্ধ ছাড়াও এসেছে শহীদ মিনার, স্মৃতিসৌধ, বঙ্গবন্ধু, তার ৭ মার্চের ভাষণ।
আর এসেছে শ্যামল গ্রাম, সবুজ প্রকৃতি, ফুল, পাখি, বাংলাদেশ।
আহসানিয়া মহিলা মিশন স্কুলের চম্পা পারভীন বঙ্গবন্ধুর ৭ মার্চের ভাষণের একটি রঙিন ছবি এঁকেছে। তার আরেকটি ছবি একাত্তরের ২৫ মার্চ পাকিস্তানি সৈন্যদের হাতে বন্দি বঙ্গবন্ধুকে নিয়ে।
প্রথম ছবির ক্যাপশন: ১৯৭১ সালের ৭ মার্চ বঙ্গবন্ধুর ঐতিহাসিক ভাষণ আমাদেরকে স্বাধীনতার পথে উদ্বুদ্ধ করে।
মিরপুর বাংলা স্কুল অ্যান্ড কলেজের শিক্ষার্থী বন্যা আকতার রিয়াও ৭ মার্চের ছবি এঁকেছে।
কেন এই ছবি?
“আজ বঙ্গবন্ধুর বার্থ ডে। এখন আবার মার্চ মাসও। তাই ভাবলাম, তার ৭ মার্চের ছবিটাই আঁকি,” জানালো বন্যা।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুলের নার্সারির শিক্ষার্থী সামিন ইসলাম সাম্য এঁকেছে গ্রামের দৃশ্য।
কোথায় সেই গ্রাম?
সাম্যের চটপট উত্তর, ‘ছোট বেলায়’ সিরাজগঞ্জে দাদুবাড়িতে গিয়ে সে নাকি এমন গ্রামই দেখেছে।
নার্সারির এই শিক্ষার্থীর দাবি, সে এখন যথেষ্টই ‘বড়’।
কেন গ্রাম আঁকলে?
ইশরাত বললো, এই শহর তার আর ভালো লাগে না। গ্রামই ভালো। তাই গ্রামের দৃশ্য আঁকা।
বেশ কয়েকবার দাদাবাড়ি ফরিদপুর আর নানাবাড়ি মাদারীপুরে গ্রাম দেখেছে ইশরাত। তার সঙ্গে কল্পনা মিলিয়েই ছবির এই গ্রাম।
পল্লবীর ৩২ নম্বর সড়কে এ অনুষ্ঠানে গোষ্ঠ গীতি পরিবেশন করেন বাউল শেখ শামীম রেজা ও তার দল।
চিত্রাঙ্কন প্রতিযোগিতার শুরুতে ক্যানভাসের নির্বাহী পরিচালক ফাহমিদা আফরোজ বলেন, “আমরা প্রতিযোগিতায় শিশুদের কোনো বিষয় বেঁধে দেইনি। কোনো নির্দেশনাও দিতে চাই না। শিশুর চিন্তায় যে ছবি আছে, সেটাই সে আঁকবে। এই আঁকাআঁকির কোনো নির্দিষ্ট সময়ও নেই। যতক্ষণ খুশি আঁকবে।”
চিত্রাঙ্কন প্রতিযোগিতার পাশাপাশি এর আগে আয়োজিত কর্মশালায় আসা ছবি নিয়ে একটি প্রদর্শনীর উদ্বোধন করেন ক্যানভাসের প্রতিষ্ঠাতা চেয়ারম্যান কাজী মোস্তফা আলম।
‘ক্যানভাস’ -এর নিজস্ব ক্যাম্পাস সংলগ্ন সড়কে এ শিশুশিল্প উৎসবের আয়োজকদের পক্ষ থেকে বলা হচ্ছে, ‘শিশুশিল্পীদের মনোজগতের মনন ও ভাবপ্রকাশের বিজ্ঞানকে’ একটুখানি উসকে দেওয়াই তাদের উদ্দেশ্য।
কর্মশালায় গুরু-শিষ্যদের যৌথ প্রচেষ্টায় তৈরি হওয়া শিল্পকর্মই দেখানো হচ্ছে প্রদর্শনীতে। উন্মুক্ত চিত্রাঙ্কন প্রতিযোগিতায় আসা ছবিও তাতে যোগ হচ্ছে।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম এবারের ক্যানভাস আর্ট ফেস্টের মিডিয়া পার্টনার।
