২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

বঙ্গবন্ধুর জন্মদিনে কেক কাটলো পথশিশুরা

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিনে সেক্টর কমান্ডার্স ফোরামের আয়োজনে কেক কেটে উদযাপন করলো পথশিশুরা।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 17 Mar 2016, 04:07 PM

Updated : 11 Oct 2022, 07:57 PM

জাতীয় শিশু দিবসে ঢাকা বিশ্ববিদ্যালয়ের ঐতিহাসিক বটতলায় ‘শ্রেষ্ঠতম বাঙালি, শুদ্ধতম জাতীতাবাদী’ শিরোনামে বৃহস্পতিবার এই আয়োজন করা হয়।

পায়রা উড়িয়ে অনুষ্ঠানের উদ্বোধন ও আলোচনা পর্ব শেষে মঞ্চে আনা হয় একটি বড় আকারের কেক। সেক্টর কমান্ডার্স ফোরামের নেতৃবৃন্দসহ ঢাকা বিশ্ববিদ্যালয় এলাকার পথশিশুরা মিলে ওই কেক কাটেন।

এরপর নেতৃবৃন্দ পথশিশুদের হাতে তুলে দেন ত্রিশ লাখ শহীদের রক্তে অর্জিত লাল-সবুজ পতাকা। এ সময় মাইক থেকে ভেসে আসে ‘আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি’।

এর আগে বক্তব্যে ফোরামের চেয়ারম্যান মুক্তিযুদ্ধের এস-ফোর্সের প্রধান অবসরপ্রাপ্ত মেজর জেনারেল কে এম শফিউল্লাহ বীরউত্তম বলেন, “বঙ্গবন্ধুর জন্ম না হলে আমরা এই বাংলাদেশ পেতাম কি-না সন্দেহ হয়। তার জন্ম না হলে এখনো আমাদের পাকিস্তানিদের পদলেহন করতে হতো।”

বঙ্গবন্ধু তার স্বপ্নের সোনার বাংলা গড়ে তোলার জন্য আজীবন সংগ্রাম করেছিলেন উল্লেখ করে তিনি বলেন, “বঙ্গবন্ধুর আত্মাকে শান্তি দিতে হলে বাংলাদেশের উন্নয়ন করতে হবে।”

সেক্টর কমান্ডার্স ফোরামের মহাসচিব সাংবাদিক হারুন হাবীব বলেন, “বঙ্গবন্ধু আমাদের এই দেশ দিয়েছেন। তারই অস্তিত্বের উপর ভর করে, তারই নামে আমাদেরকে সকল অপশক্তিকে প্রতিরোধ করতে হবে।”

তরুণ প্রজন্মের উদ্দেশ্যে তিনি বলেন, “বঙ্গবন্ধুর অস্তিত্ব শক্তির, ত্যাগের ও বিসর্জনের। তোমরা যেন সেই অস্তিত্বকে ধারণ কর, যেটার বলে বলীয়ান হয়ে ৪৫ বছর আগে বাংলাদেশ নামে একটি রাষ্ট্র দিয়েছেন।”

সাংস্কৃতিক ব্যক্তিত্ব ম. হামিদ বলেন, “এতো বছর পরেও বঙ্গবন্ধুর শক্তি কমে নাই। নতুন প্রজন্মের মধ্য দিয়ে তিনি আমাদের মাঝে আছেন। তার দেখানো পথেই এখন বাংলাদেশ এগিয়ে যাচ্ছে।”

অন্যদের মধ্যে ফোরামের সহসভাপতি অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট কর্নেল আবু ওসমান চৌধুরী, সাবেক রাষ্ট্রদূত আনোয়ারুল আলম শহীদ, যুগ্ম-মহাসচিব আবুল কালাম আজাদ পাটোয়ারী ও সদস্য ফারজানা শাহনাজ মজিদ অনুষ্ঠানে বক্তব্য দেন।