সিগারেটের মোড়কে সচিত্র সতর্কবাণী প্রকাশের আগে রোড শো
বাংলাদেশে সব তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী বাস্তবায়নের দাবিতে তিন দিনব্যাপী রাজধানীর বিভিন্ন স্থানে রোড শো আয়োজন করেছে তামাকবিরোধী ১২টি সংগঠন।
ন্যাশনাল হার্ট ফাউন্ডেশন, ঢাকা আহসানিয়া মিশন, এসিডি, ইপসা, সীমান্তিক, উবিনীগ, ইসি বাংলাদেশ, ডব্লিউবিবি ট্রাস্ট, নাটাব, প্রত্যাশা, এইড ফাউন্ডেশন ও প্রজ্ঞা আগামী সোমবার থেকে বুধবার পর্যন্ত এই কর্মসূচি পালন করবে।
ধূমপান ও তামাকজাত দ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) আইন অনুযায়ী আগামী ১৯ মার্চ থেকে তামাকপণ্যের মোড়কে সচিত্র স্বাস্থ্য সতর্কবাণী প্রকাশ কার্যকরের কথা রয়েছে।
তার আগে ১২টি সংগঠনের পক্ষে প্রজ্ঞার এক সংবাদ বিজ্ঞপ্তিতে কর্মসূচির কথা জানানো হয়।
রোডশোর অংশ হিসেবে এই তিন দিন সচিত্র স্বাস্থ্য সতর্কবাণীর নমুনা সম্বলিত পাঁচটি ট্রাক উত্তরা, গুলশান, মিরপুর, আগারগাঁও, ধানমন্ডি, নিউমার্কেট, ঢাকা বিশ্ববিদ্যালয়, কাকরাইল, আজিমপুর, বঙ্গবাজার মার্কেট ও গুলিস্থান এলাকায় ঘুরবে।
এই ধরনের সচিত্র সতর্কবাণী আসছে বাংলাদেশি সিগারেটের মোড়কেও
রোড শো থেকে তামাকের ক্ষতিকর দিক নিয়ে সংগীত পরিবেশন ছাড়াও সচিত্র সতর্কবাণী সংক্রান্ত লিফলেট বিলি করা হবে।
বুধবার দুপুর ১২টায় জাতীয় প্রেসক্লাবের সামনে একটি মানববন্ধন কর্মসূচির মধ্য দিয়ে কর্মসূচি শেষ হবে।
