সতর্কবাণী নিয়ে সিগারেট কোম্পানির ‘চাতুরতা’
সিগারেটের প্যাকেটে ছবিযুক্ত সতর্কবাণী জুড়ে দেওয়ার শর্ত বাস্তবায়নে তামাক কোম্পানিগুলো ‘চাতুরতার’ আশ্রয় নিচ্ছে বলে অভিযোগ তুলেছেন তামাকবিরোধীরা।
তারা বলছেন, কোম্পানিগুলো ছবিযুক্ত নতুন প্যাকেটের প্রচারপত্র বিলি করছে, যা তামাক নিয়ন্ত্রণ আইনের লঙ্ঘন।
শনিবার সাংবাদিক, রাজনীতিবিদ, আইনজীবীসহ বিভিন্ন শ্রেণি-পেশার তামাকবিরোধীদের উপস্থিতিতে এক অনুষ্ঠানে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিমও বক্তব্য রাখেন।
বিশ্বের অন্তত ৮০টি দেশে তামাকজাত দ্রব্য ও সিগারেটের প্যাকেটে ধূমপানের ফলে মানবদেহের কী কী ক্ষতি হতে পারে, সে সম্বলিত ছবি দেওয়া সতর্কবাণী মুদ্রণের বাধ্যবাধকতা রয়েছে।
বাংলাদেশে বাজারজাত করা তামাক কোম্পানিগুলোকেও প্যাকেটের গায়ে এই ছবিযুক্ত সতর্কবাণী মুদ্রণে এক বছর সময় বেঁধে দেয় সরকার, যা আগামী ১৯ মার্চ শেষ হচ্ছে।
প্যাকেটের সামনের ও পেছনে উপরের অর্ধেক অংশে এই সতর্কবাণী মুদ্রণের বাধ্যবাধকতা দেওয়া হলেও তামাক কোম্পানিগুলো নিচের অংশে ছবিযুক্ত সতর্কবাণী সম্বলিত নতুন প্যাকেটের ছবি নিয়ে প্রচারপত্র বিলি করছে।
যদিও তামাক নিয়ন্ত্রণ আইন অনুযায়ী তামাকজাত পণ্যের যেকোনো ধরনের বিজ্ঞাপন ও প্রচার নিষিদ্ধ।
এই প্রচারপত্র বিলি করে তামাক কোম্পানিগুলো আইন ভাঙছে বলে অনুষ্ঠানে ক্ষোভ প্রকাশ করেন যক্ষা প্রতিরোধ প্রচারণায় সক্রিয় মোফাজ্জল হোসাইন পল্টু।
The graphic health warning must cover the upper 50 percent of the front and rear sides of the packets.
অনুষ্ঠানে সাবেক আইনমন্ত্রী আবদুল মতিন খসরু বলেন, “আমাদের অবশ্যই তামাকের উৎপাদন, ব্যবহার ও বাজারজাতের ওপর আঘাত করতে হবে।”
এই প্রচারপত্র বিলির মাধ্যমে তামাক ব্যবসায়ীদের ‘উদ্ধত’ আচরণ প্রকাশ পেয়েছে মন্তব্য করে তামাকবিরোধী একটি নারী জোটের নেতা ফরিদা আক্তার বলেন, “তারা মনে করে আইনের বাস্তবায়ন ঠেকিয়ে দেওয়ার মতো টাকা ও ক্ষমতা তাদের রয়েছে। সরকারকে তার সিদ্ধান্তে অটল থাকতে হবে।”
তামাক কোম্পানিগুলোর সরকারকে চাপ দেওয়ার কথা স্বীকার করে স্বাস্থ্যমন্ত্রী মোহাম্মদ নাসিম বলেন, “যদি আপনারা (তামাক বিরোধীরা) সকালে আমার কাছে আসেন, তামাক কোম্পানিগুলো বিকালেই আমার কাছে আসে।”
এছাড়া বাংলাদেশের অনুসমর্থন করা তামাক নিয়ন্ত্রণ সংক্রান্ত বিশ্বস্বাস্থ্য সংস্থার সনদ অর্থ মন্ত্রণালয় ছাড়া সরকারের আর কোনো অংশ তামাক নিয়ন্ত্রণে কোম্পানিগুলোর সঙ্গে আলোচনা করতে পারবে না।
তবে সনদ অনুযায়ী, অর্থ মন্ত্রণালয় রাজস্ব বিষয়ে এই আলোচনা করতে পারলেও তা উন্মুক্ত ও স্বচ্ছ হতে হবে।
স্বাস্থ্যমন্ত্রী বলেন, “আইন মন্ত্রণালয় যদি আমার সিদ্ধান্তে ভেটো দেয় তাহলে কী হবে? যদি বাণিজ্য মন্ত্রণালয় এই ব্যবসা চালিয়ে নেওয়ার সিদ্ধান্ত নেয় তাহলে কী করব? আমাদের অবশ্যই একসঙ্গে বসতে হবে।”
