কালিহাতীতে সংঘর্ষ: ক্ষতিপূরণের আবেদন খারিজ
টাঙ্গাইলের কালিহাতীতে পুলিশের সঙ্গে সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনায় ক্ষতিপূরণের আবেদন খারিজ করে দিয়েছে আদালত।
তদন্ত প্রতিবেদনে নাম আসা ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে সুপারিশের আলোকে পদক্ষেপ নেওয়ায় একটি আবেদন নিষ্পত্তি করে বিচারপতি মইনুল ইসলাম চৌধুরী ও বিচারপতি মো. ইকবাল কবিরের হাই কোর্ট বেঞ্চ রোবববার এ আদেশ দেয়।
ওই ঘটনায় গঠিত তদন্ত কমিটির সুপারিশের আলোকে ১৩ পুলিশ সদস্যের বিরুদ্ধে কী পদক্ষেপ নেওয়া হয়েছে তা ৭ মার্চের মধ্যে পুলিশ মহাপরিদর্শক ও ঢাকা রেঞ্জের ডিআইজিকে জানাতে বলা হয়েছিল। এর ধারাবাহিকতায় রোববার বিষয়টি শুনানির জন্য ওঠে।
আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোতাহার হোসেন সাজু। রিট আবেদনকারী পক্ষে ছিলেন আইনজীবী সীম জহুর।
পরে মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “ওই ঘটনায় ১৩ জন বিরুদ্ধে অদক্ষতা, উদাসীনতা ও কর্তব্যে অবহেলার অভিযোগ এসেছে। তদন্ত কমিটির প্রতিবেদনে সাময়িক বরখাস্তের আদেশসহ শাস্তিমূলক ব্যবস্থা নিতে সুপারিশ করা হয়েছে।”
প্রতিবেদনে জানানো হয়েছে, দায়িত্ব পালনে ব্যর্থতা, কর্তব্যে অবহেলা ও অদক্ষতার জন্য দুইজন অতিরিক্ত সুপারের বিরুদ্ধে বিভাগীয় ব্যবস্থা নিতে পুলিশ সদরদপ্তর থেকে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে চিঠি দেওয়া হয়েছে।
এছাড়া দুইজন ওসি, তিনজন এসআই ও পাঁচজন কনস্টেবলকে সাময়িক বরখাস্ত করা হয়েছে এবং তাদের বিরুদ্ধে বিভাগীয় মামলা চলছে। একজন এএসআইকে খুলনা রেঞ্জে বদলি করা হয়েছে।
এসব পদক্ষেপে ‘সন্তুষ্ট হয়ে’ আদালত আবেদনটি নিষ্পত্তি করে দিয়েছে বলে ডেপুটি অ্যাটর্নি জেনারেল জানান।
তিনি বলেন, রোববার রিট আবেদনকারীপক্ষ এক সম্পূরক আবেদনে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণের নির্দেশনা চায়।
“আবেদনটি যথাযথ না হওয়ায় এবং ক্ষতিগ্রস্তদের বিষয়ে যথাযথ তথ্য ও বর্ণনা না থাকায় হাই কোর্ট আবেদনটি খারিজ করে দিয়েছে।”
ছেলের সামনে মাকে ‘ধর্ষণের’ অভিযোগকে কেন্দ্র করে গত বছরের ১৮ সেপ্টেম্বর কালিহাতী উপজেলা সদরে বিক্ষুব্ধ এলাকাবাসী ও আইনশৃঙ্খলা বাহিনীর সংঘর্ষ হয়। এতে পুলিশের গুলিতে চারজনের মৃত্যু হয়।
নিহতদের পরিবারের সদস্যরা এ ঘটনার জন্য পুলিশকেই দায়ী করন। তবে পুলিশ বাহিনীর ভারপ্রাপ্ত প্রধান মোখলেছুর রহমান বলে, সংঘর্ষের পেছনে ‘তৃতীয় কোনো বিষয়’ থাকতে পারে বলে তিনি মনে করছেন।
ওই ঘটনায় তদন্ত প্রতিবেদন আদালতে দাখিলের নির্দেশনা চেয়ে গত বছরের ২১ সেপ্টম্বরে বাংলাদেশ জাতীয় মহিলা আইনজীবী সমিতির নির্বাহী পরিচালক সালমা আলী একটি রিট আবেদন করেন। প্রাথমিক শুনানি নিয়ে ৩০ সেপ্টেম্বর হাই কোর্ট রুলসহ অন্তর্বর্তীকালীন আদেশ দেয়।
সংঘর্ষের সময় গুলিতে চারজন নিহত হওয়ার ঘটনার তদন্ত প্রতিবেদন ৬০ দিনের মধ্যে আদালতে দাখিল করতে নির্দেশ দেওয়া হয়। জনতাকে ছত্রভঙ্গ করতে পুলিশ যে ব্যবস্থা নিয়েছিল, তা আইনানুগ হয়েছে কি না- তা জানতে চেয়ে আদালত রুলও দেয়।
স্বরাষ্ট্র সচিব, পুলিশের মহা পরিদর্শক, ঢাকা রেঞ্জের ডিআইজি, অতিরিক্ত ডিআইজি (শৃঙ্খলা), টাঙ্গাইলের ডিসি, এসপিকে চার সপ্তাহের মধ্যে রুলের জবাব ও প্রতিবেদন দিতে বলা হয়। ২২ ফেব্রুয়ারি ওই তদন্ত প্রতিবেদন আদালতে জমা পড়ে।
সেদিন মোতাহার হোসেন সাজু বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, ওই ঘটনায় পুলিশ দুটি তদন্ত কমিটি করে। আইজিপি ও ঢাকা রেঞ্জের ডিআইজির পক্ষ থেকে দুটি তদন্ত প্রতিবেদন আদালতে দাখিল করা হয়।
