ঢাকার ছিনতাইয়ের মামলা দ্রুত নিষ্পত্তির নির্দেশ
ঢাকা মহানগরের থানাগুলোতে ছিনতাইয়ের ঘটনায় যেসব মামলা রয়েছে, সেগুলো দ্রুত নিষ্পত্তি করতে সংশ্লিষ্টদের প্রতি নির্দেশ দিয়েছেন পুলিশ কমিশনার মো.আছাদুজ্জামান মিয়া।
শনিবার ডিএমপি কমিশনারের কার্যালয়ে অপরাধ বিষয়ে পুলিশের মাসিক সভায় তিনি এই নির্দেশ দেন বলে ডিএমপির উপ-কমিশনার মারুফ হোসেন সরদার জানিয়েছেন।
বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে তিনি বলেন, “ছিনতাই প্রতিরোধে মহানগর পুলিশ কমিশনার নির্দেশনা দিয়েছেন। ছিনতাইয়ের ঘটনায় বিভিন্ন থানায় যেসব মামলা হয়েছে, সেগুলোও দ্রুত নিষ্পত্তির নির্দেশনা এসেছে।”
সভায় ফেব্রুয়ারি মাসের অপরাধ নিয়ন্ত্রণে সফল ভূমিকা রাখায় অতিরিক্ত কমিশনার থেকে কনস্টেবল পর্যন্ত ৬৩ জনকে পুরস্কৃত করা হয়।
ডিএমপির এক উপ-কমিশনার নাম প্রকাশ না করার শর্তে বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “যৌতুক, ইভটিজিং প্রতিরোধেও পুলিশকে সতর্ক থাকতে বলা হয়েছে।
“জনগণকে নিয়ে এসব অপরাধ নিয়ন্ত্রণে সভা ও উঠান বৈঠক করার নির্দেশনা দেওয়া হয়েছে।”
একটি থানার ওসি বলেন, “মাদক নিয়ন্ত্রণে পুলিশকে আরও কঠোর হওয়ার নির্দেশনা এসেছে। মাদক বিক্রেতাদের চিহ্নিত করে আইনের আওতায় আনতে কঠোর হতে বলা হয়েছে।”
