কেবল অপারেটরকে গুলি, এএসআই আটক
রাজধানীর খিলগাঁওয়ের নন্দীপাড়া এলাকায় বকেয়া বিল পরিশোধ নিয়ে বিতণ্ডা থেকে এক কেবল অপারেটরকে গুলি করার অভিযোগে পুলিশের এক সহকারী উপ-পরিদর্শককে আটক করা হয়েছে।
এ ঘটনায় বংশাল থানার এএসআই শামীম রেজাকে আটক করা হয়েছে বলে খিলগাঁও থানার ওসি মাইনুল হোসেন জানিয়েছেন।
নন্দীপাড়ার ৫ নম্বর সড়কের ৯ নম্বর অ্যাপার্টমেন্ট ভবনের চতুর্থ তলায় পরিবার নিয়ে থাকেন শামীম।
ওই ভবনের কেয়ারটেকার গিয়াস উদ্দিন বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, সকাল সাড়ে ১০টার দিকে হই হই শব্দ শুনে তিনি বাসা থেকে বেরিয়ে আসেন।
“আল আমিন ছুটে এসে বলে শামীম আড়াইশ টাকা বিল দিতে চায়, কিন্তু আমাদের রেট ৩০০ টাকা। তিন মাস ধরে বিল দেয় না। আমরা তার ডিশের লাইন কেটে দেব।
“তখন শামীম আসে, এক পর্যায়ে আল আমিনকে চড় দেয়। আল আমিনও তাকে পাল্টা ধাক্কা দেয়। এরপর ধস্তাধস্তির মধ্যে শামীম গুলি করলে আল আমিনের পিঠে লাগে।”
ওই ভবনের আরেক বাসিন্দা পুলিশের বিশেষ শাখার (এসবি) এসআই নাহিদুর রহমানও ঘটনাস্থলে উপস্থিত ছিলেন।
“ধস্তাধস্তির এক পর্যায়ে শামীম আল আমিনকে গুলি করে দেয়,” বলেন তিনি।
পরে ভবনের তৃতীয় তলার বাসিন্দা গোয়েন্দা পুলিশের কনস্টেবল আনোয়ার হোসেন আল আমিনকে হাসপাতালে নিয়ে যান।
ঢাকা মেডিকেলে চিকিৎসা নিয়ে দুপুর পৌনে ৩টার দিকে বাসার উদ্দেশে রওয়ানা হন আল আমিন।
তিনি বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “এএসআই শামীম কয়েক মাসের বিল দেয়নি। সকালে তার কাছে বকেয়া চাইতে গেলে বলে, এত টাকা কেন? এক পর্যায়ে লাইন কেটে দিতে বলে।
“নিচে এসে লাইন কেটে দিলে শামীম এসে বলে, লাইন কেটে দিয়েছিস কেন? জবাবে বলি আপনিই তো কেটে দিতে বলেছেন। তখন আমার গালে চড় দেয়। এ সময় আমার সঙ্গে থাকা এক সহকর্মী বলে, ‘উনাকে চড় দিলেন কেন’? তখনই পিস্তল বের করে গুলি করে শামীম।
“ওই সহকর্মী সরে গেলে গুলি আমার পিঠে লাগে।”
তার জখম ততোটা গুরুতর নয় বলে ঢাকা মেডিকেলের চিকিৎসকরা জানান।
জরুরি বিভাগে দায়িত্বরত ডা. মো. নাসির বলেন, “পিঠের বাঁ পাশে গুলি ঢুকে মাংসের ভিতর দিয়ে বেরিয়ে গেছে। আমরা প্রাথমিক চিকিৎসা দিয়ে ছেড়ে দিয়েছি।”
বংশাল থানা পুলিশ শামীম রেজাকে আটক করে খিলগাঁও থানায় হস্তান্তর করেছে বলে ওসি মাইনুল হোসেন জানান।
বংশালের ওসি নূরে আলম সিদ্দিক বলেন, ঘটনার পর শামীম থানায় এলে তাকে আটক করা হয়।
শামীমের কাছ থেকে পিস্তলটি জব্দ করা হয়েছে বলে ওসি মাইনুল জানান।
সরকারি অস্ত্র এএসআই বাসায় নিতে পারেন কি না জানতে চাইলে তিনি বলেন, “এ বিষয়ে আমি এখন কোনো কথা বলব না।”
