২২ নভেম্বর ২০২৬, ০৭ অগ্রহায়ণ ১৪৩৩

প্রতিবন্ধীদের জন্য বাজেটে মন্ত্রণালয়ভিত্তিক বরাদ্দের দাবি

প্রতিবন্ধী জনগোষ্ঠীর উন্নয়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোর বাজেটে বিশেষ বরাদ্দ রাখার দাবি জানিয়েছে জাতীয় প্রতিবন্ধী ফোরাম।

নিজস্ব প্রতিবেদক

বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকম

Published : 10 Mar 2016, 09:46 PM

Updated : 20 Aug 2022, 12:06 PM

বৃহস্পতিবার ঢাকা রিপোর্টার্স ইউনিটি মিলনায়তনে ‘প্রতিবন্ধিতা ও উন্নয়ন : মন্ত্রণালয়ভিত্তিক বাজেট’ শীর্ষক মতবিনিয়ম সভায় এই দাবি তুলে ধরেন ফোরামের পরিচালক নাফিসুর রহমান।

সভায় মূল প্রবন্ধে নাফিস বলেন, সরকারের মন্ত্রী ও সরকারি কর্মকর্তারা বিভিন্ন সময় শিক্ষা মন্ত্রণালয়, প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়সহ মোট ১২টি মন্ত্রণালয়ের আওতায় প্রতিবন্ধী মানুষের উন্নয়নে কার্যক্রম গ্রহণের অঙ্গীকার করেছিলেন। কিন্তু বাস্তবে তার কোনো প্রতিফলন ঘটেনি।

“চলতি বাজেটে প্রতিবন্ধী মানুষের উন্নয়নে সমাজ কল্যাণ মন্ত্রণালয় ও শিক্ষা মন্ত্রণালয়ের অটিজম একাডেমি ছাড়া অন্য কোনো মন্ত্রণালয়ের পক্ষ থেকে সরকারের কাছে অর্থ বরাদ্দের জন্য চাহিদা তুলে ধরা হয়নি। ফলে সামাজিক নিরাপত্তা খাতের বাইরে প্রতিবন্ধী জনগণের খাতে উল্লেখযোগ্য কোনো বরাদ্দ এখন নেই।”

দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়, স্থানীয় সরকার মন্ত্রণালয়, স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়, যুব ও ক্রীড়া মন্ত্রণালয়সহ মোট ১২টি মন্ত্রণালয়ের আগামী বাজেটে প্রতিবন্ধীদের উন্নয়নের বিষয়টি বিবেচনায় রাখার দাবি জানান নাফিস।

তিনি বলেন, “গত বছর অর্থমন্ত্রীর সাথে মতবিনিময়ে ১২টি মন্ত্রণালয়ের থোক বরাদ্দ চাইলে তিনি আমাদের আশ্বস্ত করেছিলেন। কিন্তু বাজেট ঘোষণায় এর প্রতিফলন না ঘটায় আমরা হতাশ হয়েছি। শিশু বাজেট, জেন্ডার বাজেট হয়। প্রতিবন্ধীদের জন্যও একটা বাজেট হতে পারে। এবার বাজেটের আগে বিষয়টি নিয়ে মতবিনিময়ের আয়োজনটি করা হল। যাতে বিষয়টি আবার নীতিনির্ধারকদের দৃষ্টিতে আসে।”

জাতীয় প্রতিবন্ধী ফোরামের সভাপতি মো. সাইদুল হক, ফোরামের মহাসচিব মিজানুর রহমানসহ বিভিন্ন মন্ত্রণালয়ের প্রতিনিধিরা মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন।

প্রতিবন্ধী-সংবেদনশীল বাজেট তৈরি ও মন্ত্রণালয়ভিত্তিক বাজেট বরাদ্দকরণ বিষয়ে নিজ নিজ মন্ত্রণালয়ের অবস্থান তুলে ধরেন তারা।

স্বাস্থ্য ও পরিবারকল্যাণ মন্ত্রণালয়ের প্রতিনিধি আবেদা আক্তার বলেন, তার মন্ত্রণালয়ে অটিজম ছাড়া অন্য কোনো শ্রেণির প্রতিবন্ধীদের জন্য বাজেট বরাদ্দ নেই। অর্থ মন্ত্রণালয়ের নির্দেশনা ফেলে তারা সে অনুযায়ী কাজ করবেন।

সড়ক যোগাযোগ ও সেতু বিভাগের উপ সচিব আনোয়ার হোসেন বলেন, প্রতিবন্ধীদের জন্য তার মন্ত্রণালয়ে বিশেষ কোনো বরাদ্দ নেই। তবে গণপরিবহনগুলোতে যেন তাদের জন্য আসন বরাদ্দ থাকে সেই ব্যবস্থা নিয়েছে। তাদের জন্য বিশেষ বাস সার্ভিস চালুর বিষয়টি প্রস্তাব করা যেতে পারে।

শ্রম ও কর্মসংস্থান মন্ত্রণালয়ের প্রতিনিধি জানান, আগামী বাজেটে প্রতিবন্ধীদের প্রশিক্ষণ ও কর্মশালার জন্য একটা বাজেট দেওয়া হয়েছে। সেটা অনুমোদনের অপেক্ষায় তারা।

আইসিটি বিভাগের প্রতিনিধি জানান, সারাদেশে ৪৬১ জন প্রতিবন্ধী মানুষকে প্রশিক্ষণ দেওয়া হয়েছে তাদের বিভাগের পক্ষ থেকে। ৬০ জনকে দেওয়া হয়েছে বেসরকারি কোম্পানির চাকরি। চলতি বছরে ১২শ’ কোটি টাকার উন্নয়ন বাজেট আছে। নির্দেশনা পেলে তারা প্রতিবন্ধীদের জন্য আরও কর্মসূচি গ্রহণ করতে পারবেন।

শিক্ষা মন্ত্রণালয়ের সহকারী সচিব জাহাঙ্গীর হোসেন, রেলপথ মন্ত্রণালয়ের উপ সচিব মাসুদ করিম, কৃষি মন্ত্রণালয়ের যুগ্ম সচিব বেগম ফরিদা জামান, নৌপরিবহন মন্ত্রণালয়ের যুগ্ম সচিব এনামুল হক, পানিসম্পদ মন্ত্রণালয়ের উপ সচিব মুহম্মদ হিরুজ্জামান, ‍ভূমি মন্ত্রণালয়ের সহকারী সচিব সেলিনা আক্তার, সমাজ কল্যাণ অধিদপ্তরের প্রতিনিধি আল আমিন অনুষ্ঠানে নিজ নিজ দপ্তরের পক্ষ থেকে বক্তব্য দেন।

পরে প্রধান অতিথি পরিকল্পনা কমিশনের সদস্য ও সিনিয়র সচিব শামসুল আলম বলেন, পৃথক নির্দেশনার প্রয়োজন নেই। মন্ত্রণালয়গুলো অনেক ক্ষেত্রেই স্বাধীন। প্রতিবন্ধীদের জন্য নিজেদের মতো করেই একটি উন্নয়ন পরিকল্পনা গ্রহণ করতে পারে।